বিশ্বের প্রথম ‘মানুষ বনাম টার্মিনেটর’ লড়াই! ছ’ফুটের রোবটের মুখোমুখি মার্কিন নেটপ্রভাবী (ইনফ্লুয়েন্সার)। অনলাইনে ব্যাপক সাড়া জাগানো সেই অদ্ভুত লড়াইয়ে সান ফ্রান্সিসকোয় এক ব্যক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামে ছ’ফুট উচ্চতার একটি হিউম্যানয়েড রোবট বা মানবযন্ত্র। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার রোবোটিক্স সংস্থা ‘আরইকে’ এই লড়াইয়ের আয়োজন করেছিল। এটি সংস্থাটির একটি ভার্চুয়াল রিয়্যালিটি কমব্যাট গেম তৈরির কাজের অংশ। এই গেমে মানুষ দূর থেকে হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে।
আরও পড়ুন:
সেই লড়াইয়ের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নেটপ্রভাবী তথা কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) ফ্র্যাঙ্কি লাপেনা একটি ফাইটিং কেজের ভেতরে রিমোট-নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হচ্ছেন। ভবিষ্যতের যুদ্ধ-যন্ত্রের আদলে তৈরি রোবটটিকে লড়াই শুরুর আগে রিংয়ের ভেতর ঘোরাফেরা এবং ওয়ার্ম-আপ করতে দেখা যায়। লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ঘুষি মারেন। জবাবে রোবটটিও ঘুষি ও শক্তিশালী লাথি দিয়ে পাল্টা আক্রমণ চালায়। লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে রোবটের লাথির আঘাতে লাপেনাকে রিংয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়তে দেখা গিয়েছে, যা যন্ত্রটির নড়াচড়া ও প্রচণ্ড শক্তিতে আঘাত করার ক্ষমতাকেই তুলে ধরেছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
রোবোটিক্স সংস্থা আরইকে এই লড়াইকে মানুষ বনাম হিউম্যানয়েড রোবটের প্রথম লড়াই হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, এই ম্যাচের আরও ফুটেজ প্রকাশ করা হবে। সংস্থারই এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘মানুষ বনাম ‘টার্মিনেটর’ ধাঁচের রোবটের প্রথম লড়াইয়ের মাধ্যমে আমরা ইতিহাস গড়লাম। ফ্র্যাঙ্কি লাপেনা তাঁর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়েছেন।’’
আরও পড়ুন:
অস্বাভাবিক এই লড়াইটি দ্রুতই সমাজমাধ্যমে সবার নজর কেড়েছে। নেটাগরিকদের অনেকেই জল্পনা শুরু করেছেন, মানুষ-নিয়ন্ত্রিত রোবটগুলি ভবিষ্যতে পেশাদার কমব্যাট স্পোর্টস বা লড়াইয়ের খেলার অংশ হয়ে উঠতে পারে কি না। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘এক জন প্রকৃত ফাইটারের বিরুদ্ধে এটি কেমন লড়াই করবে, তা নিয়ে আমি কৌতূহলী। আমার মনে হয়, এক জন পেশাদার ফাইটার অনেক ভাল করবেন।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘আগামী ৫ বছরের মধ্যে রোবট ও মানুষের লড়াই ইউএফসি-র অংশ হয়ে উঠবে। এআই নিয়ে বর্তমান উন্মাদনা বা আগ্রহের কারণেই এমনটা ঘটা স্বাভাবিক।’’
আরও পড়ুন:
তবে হিউম্যানয়েড রোবটের আক্রমণাত্মক আচরণের ফুটেজ দেখে কাল্পনিক চরিত্র ‘টার্মিনেটর’-এর সঙ্গে তুলনা করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছিল, একটি বৈদ্যুতিন দোকানে এক গ্রাহক ধাক্কা দেওয়ার পর একটি হিউম্যানয়েড রোবট প্রতিক্রিয়া দেখাচ্ছে। যন্ত্রটি ওই ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং লাথি মারার চেষ্টা করে। ঠিক তখনই কর্মীরা হস্তক্ষেপ করে সেটিকে বন্ধ করে দেন।