দুপুরের খাবারের বিরতিতে এসে ২০ ডলার দিয়ে লটারির টিকিট কেটেছিলেন। জিতলেন ভারতীয় মুদ্রায় ১৯ কোটি টাকা। তবে তার পরেও আনন্দপ্রকাশ করলেন না তরুণী। চুপচাপ ফিরে গেলেন কর্মক্ষেত্রে। ভাবখানা এমন, যেন কিছুই ঘটেনি। ঘটনাটি ঘটেছে আমেরিকায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ওই তরুণী ভার্জিনিয়ার পোর্টসমাউথের বাসিন্দা। অফিসে দুপুরের খাবারের বিরতির সময় ২০ ডলার দিয়ে (প্রায় ২ হাজার টাকা) একটি লটারি টিকিট কিনেছিলেন। সেই লটারিতে ২০ লাখ ডলার (প্রায় ১৯ কোটি ১৭ লাখ টাকা)-এর পুরস্কার জেতেন তিনি। তবে তৎক্ষণাৎ আনন্দ-উল্লাস করার পরিবর্তে তিনি জেতা টিকিটটি সাবধানে রেখে কাজে ফিরে যান। সিদ্ধান্ত নেন যে আপাতত খবরটি পাঁচকান হতে দেবেন না এবং কর্মক্ষেত্রে ফিরে বাকি কাজ শেষ করবেন।
আরও পড়ুন:
ভার্জিনিয়া লটারির কর্মকর্তাদের কাছে তরুণী বলেন, ‘‘আমাকে কাজে ফিরে যেতে হবে।’’ এবং তিনি এমন ভাব করেন যেন কিছুই ঘটেনি। সহকর্মীদের বিষয়টি জানানো বা কর্মস্থল ত্যাগ করার বদলে তিনি টিকিটটি নিজের কাছে নিরাপদে রেখে স্বাভাবিক কাজে ফিরে যান।
জানা গিয়েছে, ২০ লাখ ডলারের লটারি জেতার পর তরুণীকে পুরস্কারের অর্থ দাবি করার সময় দু’টি বিকল্প দেওয়া হয়েছিল। এক, তিনি চাইলে ৩০ বছর ধরে বার্ষিক কিস্তিতে পুরো পুরস্কারের অর্থ নিতে পারতেন। দুই, এককালীন নগদ অর্থ গ্রহণ করতে পারতেন। তবে সে ক্ষেত্রে কর বাবদ বেশ কিছুটা টাকা কেটে নেওয়া হবে। তবে দ্বিতীয় বিকল্পই বেছে নেন তরুণী।
আরও পড়ুন:
ওই লটারির বিজয়ী তরুণী নিজের পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভার্জিনিয়া লটারির নিয়ম অনুযায়ী, বিজয়ীরা চাইলে নিজেদের পরিচয় গোপন রাখতে পারেন। ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষ জানিয়েছেন, আইন অনুযায়ী বিজয়ীরা বেনামে পুরস্কার দাবি করতে পারেন। এর অর্থ হল, বিজয়ী লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত লটারি কর্তৃপক্ষ তাঁর নাম, শহরের নাম বা জেতা অর্থের পরিমাণ জনসমক্ষে প্রকাশ করবে না।