বাড়ির বাইরে খেলছিল ছ’বছরের বালিকা। হঠাৎ হামলা চালাল চিতাবাঘ। ঘাড় ধরে টেনে নিয়ে গেল জঙ্গলে। পরে সেই জঙ্গল থেকেই উদ্ধার হল তার দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড় জেলার মেনদারদা তালুকার দেদকিয়ালি গ্রামে। বালিকার উপর চিতাবাঘের হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত বালিকার নাম প্রিশা সোলাঙ্কি। স্থানীয় সূত্রে খবর, বাড়ির বাইরে খেলছিল প্রিশা। সঙ্গে ছিল অন্য সঙ্গীরাও। তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। ঘাড় ধরে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। ভয়ে দৌড়ে পালায় বাকিরা। রোমহর্ষক ঘটনাটি ধরা পড়েছে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পরে কাছের জঙ্গল থেকে প্রিশার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রিশার কাকা কেতন সোলাঙ্কি বলেন, “আমাদের বাড়ির বাইরের উঠোনে খেলছিল প্রিশা। তখনই চিতাবাঘটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক ঘণ্টা পর প্রিশার মৃতদেহ পাওয়া যায়।” মর্মান্তিক ঘটনার পর প্রাণীটিকে ধরার জন্য বন বিভাগ খাঁচা বসিয়েছে বলে জানা গিয়েছে। ওই ঘটনার জেরে আতঙ্ক এবং উদ্বেগ গ্রাস করেছে গ্রামবাসীদের।
আরও পড়ুন:
-
ছিলেন সফল আইনজীবী, পেশা পাল্টে কুকুর হাঁটানোর কাজ বেছে নিলেন তরুণী! কেন? নেপথ্যে ভয়ঙ্কর কাহিনি
-
‘একা থাকবে কী করে?’ ছেলের মৃত্যুর এক মাস পর পুত্রবধূর বিয়ে দিলেন শাশুড়ি! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার বন্যা
-
সমুদ্রে স্নানরত বিদেশিনিকে ইচ্ছাকৃত স্পর্শ! দুবাইয়ে বাংলাদেশি যুবকের ভিডিয়ো দেখে উঠল মানসিকতা নিয়ে প্রশ্ন
জুনাগড়ের ঘটনাটির সিসিটিভি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে সংবাদসংস্থা ‘পিটিআই’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।