Advertisement
E-Paper

একই দিনে দু’বার অপহরণের চেষ্টা! ইটালি ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী, ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এক ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক তরুণী। তাঁর কথায়, ইটালি ঘুরতে গিয়ে একই দিনে দু’বার অপহরণের চেষ্টা করা হয় তাঁকে। ঘটনা জেনে শিউরে উঠেছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৯:০৬

ছবি: এআই সহায়তায় তৈরি।

বেড়াতে গিয়ে নানা রকম ঘটনা ঘটে। ভাল অভিজ্ঞতা যেমন থাকে, তেমন ভাবেই অনেক সময় মুখোমুখি হতে হয় আকস্মিক বিপদেরও। সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন এক অস্ট্রেলীয় বিষয়স্রষ্টা তরুণী। একটি ভিডিয়োয় তিনি দাবি করেন, ইটালিতে গিয়ে একই দিনে দু’বার অপহরণের চেষ্টা করা হয় তাঁকে। ভাইরাল হয়েছে সেটি।

‘স্টেফাডি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় সাদা পোশাক পরা এক তরুণীকে কথা বলতে দেখা গিয়েছে। তরুণী জানান, তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। ইটালিতে একটি বাড়ি কেনার ইচ্ছা ছিল তাঁর। তিনি বন্ধুদের সঙ্গে ইটালি যান, কিন্তু তাঁর বন্ধুরা দেশে ফিরে যাওয়ার পরেও তিনি কয়েক দিন সেখানে থেকে যাবেন বলে মনস্থির করেন। একদিন একটি জায়গায় যাওয়ার জন্য এক ব্যক্তির গাড়িতে ওঠেন তিনি। হঠাৎই সেই ব্যক্তি খুব দ্রুত গাড়ি চালাতে শুরু করেন। তরুণীর সন্দেহ হয়, তিনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই পরিস্থিতিতে চিৎকার করতে শুরু করেন তরুণী, তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিতে বলতে থাকেন। কিন্তু কোনও কিছুতেই কাজ হয় না। শেষমেষ একসময় তিনি খেয়াল করেন যে গাড়ির দরজাটি লক করা নেই। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দৌড়ে পালান তিনি।

তবে, ভয়াবহতা এখানেই শেষ হয়নি বলে জানিয়েছেন ওই তরুণী। তাঁর কথায়, একই রাতে দ্বিতীয় বার অপহৃত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এক নিরাপত্তারক্ষীকে দেখে তিনি সাহায্য চান। তরুণীর দাবি, সেই নিরাপত্তারক্ষী গাড়িতে ওঠার পর একটি নির্জন অন্ধকার গলিতে চলার সময় কুপ্রস্তাব দেওয়া হয় তাঁকে। ওই ব্যক্তি প্রশ্ন করেন, গাড়িতে লিফ্‌ট দেওয়ার বিনিময়ে কী করবেন ওই তরুণী। তরুণী জানান, আবার তিনি গাড়ি থেকে কোনও রকমে নেমে একটি আঙুরখেতের দিকে দৌড় দেন। সৌভাগ্যবশত, এ বারও গাড়ির দরজা লক করা ছিল না।

তরুণী জানিয়েছেন, সময় তখন রাত ১:৩০টা। এর পর পায়ে হেঁটেই তিনি নিজের আস্তানায় পৌঁছোন। তিনি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে, কোনও গাড়ির হেডলাইট দেখলেই লুকিয়ে পড়ছিলেন বলে জানিয়েছেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তরুণীর অভিজ্ঞতার কথা জেনে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। প্রায় ১০ হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। অনেকেই বলেছেন যে, এটি সৌভাগ্য যে তরুণী নিরাপদে ফিরতে পেরেছিলেন। তাঁকে বুঝেশুনে চলার পরামর্শও দিয়েছেন বহু মানুষ।

Social Media Influencer Kidnap Italy Australia Viral Story Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy