একা থাকা নিয়ে আত্মীয়দের প্রশ্নের হাত থেকে বাঁচতে এক অভিনব উপায় খুঁজে বার করেছেন বেঙ্গালুরুর ২২ বছর বয়সি এক তরুণী। সমাজমাধ্যম রেডিটে জানিয়েওছেন সে কথা। তিনি রেডিটে এমন একজন মহিলা ‘ফ্ল্যাটমেট’ বা সহ-বাসিন্দার খোঁজ করেছেন, যিনি কয়েক দিনের জন্য তাঁর বাড়িতে থেকে তাঁর রুমমেট হিসেবে অভিনয় করতে পারবেন। বিনিময়ে ওই মহিলার জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। আলাদা একটি ঘরও পাবেন তিনি। জানা গিয়েছে, এই অভিনব অনুরোধের প্রেক্ষিতে ১৫০টিরও বেশি আবেদন পেয়েছেন তরুণী। তাঁরা তাঁর প্রস্তাব অনুযায়ী অভিনয় করতে রাজি। মহিলারা তো বটেই, আবেদনে সাড়া দিয়েছেন অনেক পুরুষও!
কিন্তু কেন নেটপাড়ায় এমন অদ্ভুত আর্জি করেছিলেন তরুণী? নিজেকে ২২ বছর বয়সি বলে দাবি করে ওই তরুণী জানান, তাঁর আত্মীয়েরা বেঙ্গালুরুতে আসছেন এবং তিনি আশঙ্কা করছেন যে, এত বড় বাড়িতে তিনি কেন একা থাকছেন, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলবেন। তরুণী লিখেছেন, “আমার একজন ফ্ল্যাটমেট দরকার। রক্ত-মাংসের একজন সত্যিকারের মানুষ। তবে এই প্রয়োজন সাময়িক। ঠিক ততটুকুর জন্য, যাতে আমার আত্মীয়েরা আমার একা থাকা নিয়ে আলোচনা শুরু না করেন।”
আরও পড়ুন:
তিনি আরও জানিয়েছেন, বাড়িটির আসবাবপত্র-সহ সম্পূর্ণ সুসজ্জিত একটি আলাদা ঘর-সহ বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুবিধা পাবেন ওই অস্থায়ী অতিথি। এই ব্যবস্থাটি কেবল কয়েক দিনের জন্যই কার্যকর থাকবে এবং এতে কোনও নিয়মিত গৃহস্থালি কাজের দায়িত্ব পালন করতে হবে না। মূল শর্ত, আত্মীয়েরা যখন আসবেন, তখন একজন সাধারণ রুমমেটের মতো আচরণ করতে হবে তাঁকে। এমন ভাব করতে হবে যেন তিনি ওই বাড়িতেই থাকেন পাকাপাকি ভাবে।
আরও পড়ুন:
Wanted: Fake Flatmate (FEMALE ONLY) for a Few Days — Free Stay, Zero Drama, Snacks Included — Bangalore
by u/No_Pace1950 in BangaloreMeetups
তরুণী রেডিটে ওই পোস্ট করার পর থেকেই আবেদনের পাহাড় উপচে পড়ছে। জানিয়েছেন, এখনও অবধি ১৫০ জনেরও বেশি মহিলা তাঁর ভুয়ো ফ্ল্যাটমেট হওয়ার জন্য আর্জি জানিয়েছেন। এমনকি অদ্ভুত ভাবে কয়েক জন পুরুষও দাবি করেছেন যে চাইলে তাঁরা মহিলা সেজে ফ্ল্যাটমেটের ভূমিকা পালন করতে পারেন। তরুণীর দাবি, এখন সব আবেদন যাচাইয়ের পর কয়েক জন প্রার্থীকে বাছাই করেছেন তিনি। তাঁদের সঙ্গে কথাও বলছেন।
আরও পড়ুন:
তরুণীর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্ট জুড়ে। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অন্য দিকে, একজন রেডিট ব্যবহারকারী পোস্টকারীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে তিনি আসলে এক জন পুরুষ। তবে এই দাবিটি এক নেটাগরিকের নিজস্ব মতামত। স্বতন্ত্র ভাবে তা যাচাই করা যায়নি।