Advertisement
E-Paper

আড়াই মাসের ‘বন্ধু’কে ফেলে যেতে চাননি, ভারতভ্রমণের স্মৃতি ধরে রাখতে অভিনব পথ বাছলেন বিদেশি দম্পতি

ভারতে ৭৫ দিনের ভ্রমণের স্মৃতি আগলে রাখার জন্য এক অভিনব উপায় খুঁজে বের করেছেন ব্রিটিশ দম্পতি। ভ্রমণ শেষে ভালবাসার ‘টিমি’কে ফেলে রেখে না গিয়ে, সরাসরি যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৪১
Viral Video

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রায় আড়াই মাসের সফরে নিত্যসঙ্গী। তিনচাকার যানটির সামনের অংশে কার্টুনের মতো চোখ আর হাসিমাখা মুখ আঁকা। ভালবেসে ব্রিটিশ দম্পতি তার নাম রেখেছিলেন ‘টিমি: দ্য টিন ক্যান’। আগ্রার তাজমহলে তাঁদের ভালবাসার সাক্ষীও এই ‘টিমি’। তা ছাড়াও, বিভিন্ন গন্তব্যে তাঁদের নিয়ে গিয়েছিল সে-ই। ৭৫ দিনের ভারতভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সফর শেষে তাই মন ভার যুগলের। প্রিয় বন্ধুকে এ দেশে ফেলে যেতে মন মানেনি তাঁদের। কী করলেন তাঁরা?

একসঙ্গে ৭৫ দিন এ দেশে ঘুরে বেড়ানোর পর দম্পতি তাঁদের প্রিয় ভ্রমণসঙ্গীকে বিদায় জানাতে প্রস্তুত ছিলেন না। উল্টে, ওই ব্রিটিশ দম্পতি হেলেন এবং মিক তাঁদের ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে অটোরিকশাটি নিজেদের বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা ‘টিমি’কে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেন।

তবে, বাড়ি ফেরার যাত্রা সহজ হয়নি ওই দম্পতির। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শেষমেশ প্রিয় অটোরিকশার সঙ্গে ফের দেখা করতে তাঁদের ছ’মাস অপেক্ষা করতে হয়েছিল। তাঁদের অপেক্ষার অবসান ঘটে চলতি বছরের গত ২৩ অক্টোবর। সে দিনই ‘টিমি’ লন্ডন গেটওয়ে বন্দরে পৌঁছোয়।

ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দম্পতির এই মন ভাল করা ভিডিয়ো শেয়ার করে দেশের ব্যস্ত রাস্তা থেকে ব্রিটেন পর্যন্ত একটি ভারতীয় অটোরিকশার অভিনব যাত্রার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পর থেকে এই 'গল্প'টি বহু সমাজমাধ্যম ব্যবহারকারীর নজর কেড়েছে। অনেকেই ‘টিমি’র পরবর্তী অভিযান নিয়ে আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আমার মনে হয়, টিমির সঙ্গে আরও সফর করার সময় এসেছে, নতুন জায়গায় একই সম্পর্ক বজায় থাকুক।” আরও এক জন ভারতের প্রতি দম্পতির ভালবাসা এবং তাঁদের ভ্রমণের অভিজ্ঞতার প্রশংসা করে মন্তব্য করেছেন, “আপনারা ভালবাসা বয়ে নিয়ে চলেছেন। আশা করি, এখানে আপনাদের যাত্রা আনন্দময় হয়েছে।” ব্রিটেনে ওই দম্পতি এবং তাঁদের ‘সঙ্গী’র সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে অন্য এক জন বলেছেন, “আপনাদের এবং টিমির সঙ্গে দেখা করতে পারলে খুব ভাল লাগবে। আপনারা যদি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আসেন, তবে দয়া করে আমাকে জানাবেন।” অপর একজন লিখেছেন, “পরিবারের কোনও সদস্যকে কখনও ফেলে রেখে যাবেন না।” অপর এক নেটাগরিক তাঁদের ভবিষ্যৎ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, “চমৎকার ভিডিয়ো। ভারত থেকে ব্রিটেন। যাত্রা আনন্দময় হোক। এই গাড়িতে মাইলেজও ভাল।”

Auto Rickshaw british Harsh Goenka E Rickshaw India Tour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy