যাতায়াতের জন্য প্রায়ই অ্যাপ ক্যাবগুলির শরণাপন্ন হয়ে থাকেন অনেকেই। এর ফলে ভিড়ভাট্টা এড়িয়ে চলা যায়। তা ছাড়া খুব ভোরে বা গভীর রাতে যখন গণপরিবহণগুলি চলে না, সে সময় ভরসা এগুলিই। এগুলিতে চড়ার সময় নানা অভিজ্ঞতা হয় যাত্রীদের। সে সব প্রায়ই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। দিল্লির তেমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে সম্প্রতি।
আরও পড়ুন:
অভিজ্ঞতা জানিয়ে সমাজমাধ্যম লিঙ্কডইনে একটি পোস্ট করা হয়েছে। পোস্টদাতা জানিয়েছেন, ভোরবেলায় বিমানবন্দরে যাওয়ার জন্য ক্যাবে চড়ে বসেন তিনি। দিল্লির রাস্তা তখন শুনশান। তিনি শোনেন, ক্যাবচালক তাঁর ফোনে ইংরেজিতে কারও সঙ্গে কথা বলছেন। তা বুঝতে পেরে ভয় পেয়ে যান ওই যাত্রী। তাঁর মনে হয়, ক্যাবের অবস্থান অন্য কাউকে জানাচ্ছেন চালক।
তিনি কোথায় যাচ্ছেন, কর্মসূত্রে না কি ব্যক্তিগত কারণে এ কথা জানতে চান চালক। তীব্র অস্বস্তি হতে থাকে ওই যাত্রীর। একসময় বিষয়টি নিয়ে চালককে জিজ্ঞাসা করেন তিনি। উত্তরে যা শোনেন তাতে একেবারে অবাক হয়ে যান তিনি।
আরও পড়ুন:
চালক জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইংরেজিতে কথা বলার অনুশীলন করছিলেন। তার কারণ, সদ্য বাবা হয়েছেন তিনি। মেয়ে যখন বড় হবে, তাকে শেখানোর জন্যই এখন থেকে এই কাজে লেগে পড়েছেন তিনি।
আরও পড়ুন:
তুষার জেজানি নামে এক ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে ঘটনাটির বিষয়ে লেখা হয়েছে। এটিকে ‘স্মরণীয় অভিজ্ঞতা’ বলে উল্লেখ করা হয়েছে সেখানে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রায় দেড় হাজার ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে পোস্টটিতে। অসংখ্য মন্তব্যও জমা পড়েছে। এক জন লিখেছেন, “এই জন্যই বলে, শেখার কোনও বয়স হয় না।” আর এক জনের মতে, “একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় হিরো হয় তাঁর বাবা। ক্যাবচালক তরুণ তা উপলব্ধি করেছেন।”