বাইক চালাতে গিয়ে অনেক সময়ই নানা রকম কাণ্ড করে থাকেন চালকেরা। সে সব কাজ করতে গিয়ে ট্রাফিক পুলিশের নজরেও পড়েন তাঁরা। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে, এ ক্ষেত্রে আইন ভাঙেননি বাইকচালক তরুণ। বরং, এক মজার কাণ্ড ঘটিয়েছেন তিনি। তা দেখে মন ভাল হয়ে গিয়েছে নেটাগরিকদেরও।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রাতের শুনশান রাস্তায় বাইক ছোটাচ্ছেন এক তরুণ। আর তার জ্যাকেটের ভেতর থেকে উঁকি দিচ্ছে এক কুকুরছানা। অবোলা প্রাণীটিকে দেখে মনে হচ্ছিল সে-ও দিব্য উপভোগ করছে এই যাত্রা। চুপচাপ বসে চারপাশ দেখছে। ভয়ের লেশমাত্র নেই তার মধ্যে।
আরও পড়ুন:
ঘটনাটি বিহারের পটনার। এই কাণ্ড দেখামাত্র ওই বাইকচালককে থামতে বলেন ট্রাফিক পুলিশেরা। তবে, বাইকের কাগজপত্র দেখায় এতটুকু আগ্রহ ছিল না তাঁদের। বরং তাঁরা আদর করতে চান মিষ্টি ছানাটিকে। মজার ছলে তাকে জিজ্ঞাসা করেন, “তুমি ঠিক আছ তো?” এই ঘটনায় বাইকচালকের মুখেও হাসি ফুটে ওঠে।
আরও পড়ুন:
‘ববার৪২_কিড’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে সেটি। ৫০ হাজারের কাছাকাছি ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। ঘটনাটি দেখে মন ভরে গিয়েছে নেটাগরিকদেরও। মজার মজার মন্তব্যে জমা পড়েছে মন্তব্যবাক্সে। ট্রাফিক পুলিশদের আচরণ মন জয় করে নিয়েছে বলে লিখেছেন বহু নেটাগরিক। কেউ কেউ আবার ছানাটিকে আদরও জানিয়েছেন।