নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট। ইতিমধ্যেই জলমগ্ন গুরুগ্রামের বহু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। অতি বর্ষণের ফলে রাস্তায় জমা জলের কারণে অফিসের ব্যস্ত সময়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। তার মাঝেই বিকল হয়ে যায় ক্যাব। অফিস পৌঁছোতে পারবেন না বুঝে বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) সিদ্ধান্ত নেন ওই বিকল গাড়ির সওয়ারি তরুণ। কিন্তু, ফেরার রাস্তাও বন্ধ! এ দিকে সময়ের মধ্যে কাজ না শুরু করতে পারলে জুটবে বসের বকুনি। পরিস্থিতি সামাল দিতে অদ্ভুত উপায় বার করলেন তিনি।
যানজট কাটিয়ে বাড়ি ফিরে কাজে বসতে প্রচুর সময় লেগে যাবে বুঝে তিনি ওই ক্যাবের মাথায় চড়ে বসলেন। ল্যাপটপ খুলে শুরু করলেন অফিসের কাজ। ধরলেন একের পর এক ফোনকল। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই তরুণের ভিডিয়ো। সেখানে ধরা পড়েছে কাজের চাপের ভয়ঙ্কর চিত্র। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘লক্ষ্যমেহতা’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। দেখা গিয়েছে, ল্যাপটপ সামনে রেখে ক্যাবের উপরে বসে আছেন এক তরুণ। তাঁর চারপাশে যানজটে আটকে দীর্ঘ গাড়ির সারি। অস্বাভাবিক পরিবেশের মাঝেই নিজের কাজে মনোনিবেশ করেছিলেন তিনি। অদ্ভুত এই দৃশ্যটি দ্রুত সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুন:
অনেক নেটাগরিক মন্তব্য করেছেন, “খারাপ আবহাওয়া, যানজট এবং পেশাগত দায়বদ্ধতা একসঙ্গে মিলে গেলে যাত্রীরা মাঝে মাঝে এমনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। এই দৃশ্যটি তারই প্রতিচ্ছবি।” কোনও সমাজমাধ্যম ব্যবহারকারী আবার মজার ছলে বলেছেন, “ওই তরুণ ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ধারণাকে তার প্রচলিত অর্থের বাইরে অনেক দূরে নিয়ে গিয়েছেন।” তবে বেশির ভাগই এই পরিস্থিতিকে কর্মক্ষেত্রে অনমনীয়তার একটি চরম নিদর্শন হিসাবে বর্ণনা করেছেন।