ট্রাফিক সিগনালে জ়েব্রা ক্রসিংয়ের উপর শুয়ে রয়েছেন সুন্দরী তরুণী। সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় নেটপ্রভাবী প্রকৃতি গৌড়ের ভিডিয়োটি। কিন্তু ভাইরাল সেই ভিডিয়োর জেরেই বিপাকে ইনদওরের বাসিন্দা প্রকৃতি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। টুকোগঞ্জ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন।
ভারতীয় ন্যায় সংহিতার ২৭০ এবং ২৮৫ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অবশ্য এর পরেই সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই নেটপ্রভাবী। প্রকৃতির দাবি, তাঁর ভিডিয়োটিকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। এ দিকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
ভিডিয়োটি নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। তীব্র কটাক্ষের মুখে পড়েছেন প্রকৃতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম। ঘটনায় দুঃখপ্রকাশ করে ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে আরও একটি ভিডিয়ো দিয়েছেন তরুণী। তিনি দাবি করেছেন, কেউ কেউ তাঁর ভিডিয়োটির ভুল উপস্থাপনা করছেন। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে এমনটা করা হয়নি। ভিডিয়োটি রেকর্ড করার সময় তিনি কোনও ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেননি বলেও দাবি করেছেন ওই তরুণী। ভবিষ্যতে জনবহুল স্থানে ভিডিয়ো করার সময় আরও সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন প্রকৃতি।
সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজেশ দণ্ডোতিয়া বলেছেন, “ভাইরাল হওয়া ফুটেজটতে ট্রাফিক আইন লঙ্ঘন করতে দেখা গিয়েছে। যাঁরা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, নিজেদের বা অন্যদের জীবন বিপন্ন করেন, অথবা যানচলাচলে বিঘ্ন ঘটান, তাঁদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়।” পুলিশ জানিয়েছে, নেটপ্রভাবী হন বা অন্য কেউ, নিয়ম লঙ্ঘন যিনিই করবেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।