Advertisement
E-Paper

‘আপনাকে ছাঁটাই করা হল’, জন্মদিনে অফিস থেকে ‘শুভেচ্ছাবার্তা’ পেলেন প্রযুক্তিকর্মী! মাথায় ভেঙে পড়ল আকাশ

প্রযুক্তিকর্মীর রেডিটে করা ওই পোস্ট সমাজমাধ্যমে হইচই ফেলেছে। পোস্টটি দেখে বেশ কয়েক জন ব্যবহারকারী অনুরূপ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন এবং চাকরির জন্য সুপারিশের প্রস্তাব দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৯:০১
Mumbai techie gets laid off on birthday, shares experience in post

ছবি: এআই সহায়তায় তৈরি।

জন্মদিনেই চাকরি হারালেন! মুম্বইয়ের এক প্রযুক্তিকর্মী সমাজমাধ্যমে পোস্ট করে তেমনটাই দাবি করেছেন। ভারতে প্রযুক্তিকর্মীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনারও জন্ম দিয়েছে। মুম্বই-ভিত্তিক ওই প্রযুক্তিকর্মী সমাজমাধ্যমে জানিয়েছেন যে, জন্মদিনেই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। কারণ তাঁর সংস্থা নাকি ধীরে ধীরে ভারতের প্রযুক্তি দলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে।

‘আমার ওপর অনেক নির্ভরতা থাকা সত্ত্বেও জন্মদিনেই ছাঁটাই হলাম’— এমন শিরোনামের একটি রেডিট পোস্টে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওই কর্মী দাবি করেছেন যে, তাঁর সংস্থা থেকে ছাঁটাই হওয়া আট জন কর্মীর মধ্যে তিনি এক জন। প্রযুক্তিকর্মী উল্লেখ করেছেন, এই ছাঁটাইয়ের ঘটনাটি ছিল অপ্রত্যাশিত। কারণ তিনি সংস্থার একাধিক প্রকল্পের দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর কাজের ওপর সংস্থার উল্লেখযোগ্য নির্ভরতা ছিল বলে তিনি মনে করতেন।

পোস্টে প্রযুক্তিকর্মী লিখেছেন, ‘‘জন্মদিনের দিনই দুঃসংবাদটি পেলাম। আরও সাত জনকে ছাঁটাই করা হয়েছে কারণ সংস্থাটি ধীরে ধীরে ভারতের প্রযুক্তি দলের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনছে। বিষয়টি সত্যিই বিস্ময়কর। কারণ একাধিক প্রকল্প আমার কাজের উপর নির্ভরশীল ছিল।’’ তিনি এ-ও জানান, বর্তমানে তিনি চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং পাশাপাশি একটি ব্যক্তিগত প্রকল্প নিয়েও কাজ করছেন। এর থেকে গত দু’মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় করেছেন তিনি। তিনি কোন কোন কাজে দক্ষ, সে কথাও সমাজমাধ্যমে জানিয়েছেন ওই প্রযুক্তিকর্মী। এ ছাড়া তিনি জানিয়েছেন, ছাঁটাই হওয়ার আগে তিনি একটি এআই সংক্রান্ত প্রকল্প নিয়েও কাজ করছিলেন।

প্রযুক্তিকর্মীর রেডিটে করা ওই পোস্ট সমাজমাধ্যমে বেশ হইচই ফেলেছে। পোস্টটি দেখে বেশ কয়েক জন ব্যবহারকারী তাঁদের নিজেদের অনুরূপ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন এবং চাকরির জন্য সুপারিশের প্রস্তাব দিয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, “মনে হচ্ছে যেন কেউ আমার পরিস্থিতির কথাই লিখেছেন। এই মাসেই জন্মদিনে ওরাকল থেকে আমাকে ছাঁটাই করা হয়। ভেবেছিলাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন আসবে, কিন্তু তার বদলে পেলাম ছাঁটাইয়ের ইমেল। মন-মেজাজ ভাল না থাকায় কেকও কাটা হয়নি। কারণ আমাকে ছাঁটাই করার মতো কোনও যৌক্তিক কারণ বা পারফরম্যান্সের ঘাটতি ছিল না। উল্টে আমার হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। তাই আপনার হতবাক হওয়ার বিষয়টি আমি পুরোপুরি বুঝতে পারছি। আশা করি, আগামী বছর আমরা আরও ভাল কোনও সংস্থায় ভাল বেতন নিয়ে সুন্দর জন্মদিন কাটাতে পারব।” অন্য এক জন লিখেছেন, “শুভ জন্মদিন। বিষয়টি নিয়ে খুব বেশি ভাববেন না। বরং এক সপ্তাহ আনন্দ করুন, কোথাও ঘুরে আসুন এবং তার পর প্রস্তুতির কাজ শুরু করুন। আমি চাইলে একটি ব্যাঙ্কে আপনার জন্য সুপারিশ করতে পারি। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।”

layoff Techie

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy