জরুরি ভিত্তিতে পণ্য সরবরাহকারী সংস্থা থেকে অনলাইনে ডিম আনিয়েছিলেন গ্রাহক। রান্না করতে গিয়ে হল ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রায় প্রতিটি ডিমই ছিল পচা। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কী ভাবে ডিম দিয়ে সাধারণ একটি খাবার তৈরির পরিকল্পনা ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হল? গ্রাহকের অভিযোগ, অনলাইনে জরুরি ভিত্তিতে পণ্য সরবরাহকারী সংস্থা থেকে এক ট্রে ডিম অর্ডার করেছিলেন তিনি। কিন্তু হাতে পাওয়ার পর ডিমের যে অবস্থা ছিল বলে তিনি দাবি করেছেন, তা ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। সুশান্ত সিংহ নামের ওই গ্রাহক পেশায় সাংবাদিক। সমাজমাধ্যমে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, ডিমগুলি ভাঙার সঙ্গে সঙ্গেই তিনি দেখেন যে প্রায় প্রতিটি ডিমই পচা।
আরও পড়ুন:
সুশান্তের পোস্ট অনুযায়ী, তিনি ওই সংস্থার মাধ্যমে একটি বিশেষ ব্র্যান্ডের ডিম অর্ডার করেছিলেন। পোস্টে তিনি লেখেন, ‘‘আমরা কেমন জীবনযাপন করছি? ওই সংস্থার মাধ্যমে বিশেষ সংস্থার এক ট্রে ডিম অর্ডার করেছিলাম। ডিমের নামে কী এসেছে এক বার দেখুন। শুধু একটা নয়, প্রায় প্রতিটি ডিমই এমন বাজে অবস্থায় পাওয়া গিয়েছে।’’ হতাশা প্রকাশের পাশাপাশি তিনি পচা ডিমগুলির একটি ভিডিয়োও শেয়ার করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডিমগুলি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সুশান্ত পোস্টে আরও জানিয়েছেন, ‘‘এত কর দেওয়া এবং বেশি খরচ করার পরেও আমরা ভাল মানের খাবার পাই না। প্রথমে বিষাক্ত খাবার খেয়ে হাসপাতালে যেতে হয়, আর তার পর সেখানে অপেক্ষা করে থাকে নকল ওষুধ।’’ তবে সুশান্তের অভিযোগের ভিত্তিতে ওই পণ্য সরবরাহকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, তা জানা যায়নি।
আরও পড়ুন:
সুশান্তের পোস্ট করা ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ৩ লাখ ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক কটাক্ষ করে মন্তব্য করেছেন, ‘‘সত্যিই হাস্যকর। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের দেশের খাদ্যের মান এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে।’’