ক্লাসের সময় চেয়ারে বসে, টেবিলে পা তুলে গেম খেলেন। ছাত্রীদের কাছে ইনস্টাগ্রাম আইডিও চান! অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ‘গুণধর’ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলার কোট গ্রামের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাস না নিয়ে পড়ানোর পরিবর্তে মোবাইলে গেম খেলেন এবং ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চাইতেন। সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ দায়ের হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে এসেছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভিন্ডের নয়গাঁও থানা এলাকার কোট গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ছাত্রীদের অভিযোগ, প্রশান্ত নামে ওই শিক্ষক পড়ানোর দিকে মনোযোগ না দিয়ে স্কুলের সময়ে পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক ছাত্রী দাবি করে, ওই শিক্ষক ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চেয়েছিলেন। তাকে বলতে শোনা যায়, ‘‘এক জন শিক্ষক পড়ান না, কিন্তু এখানে এসে মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চান। তিনি পড়াতে আসেন, না কি মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চাইতে?’’ ছাত্রী আরও অভিযোগ করে যে, শিক্ষক পড়ানোর পরিবর্তে ক্লাসের সময় টেবিলের উপর পা তুলে ফোনে তাসের গেম খেলতেন। অভিযোগগুলি সম্পর্কে সাংবাদিকেরা শ্রেণিকক্ষের ভিতরে অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করলে, তিনি চুপই ছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ইআর মণীশ রজক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সরকারি স্কুলটির পাঠদান পদ্ধতি এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও ওই ঘটনায় কোনও সরকারি পদক্ষেপ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।