Advertisement
E-Paper

কোচবিহারের নিরঞ্জনে উল্টে গেল প্রতিমা, চাপা পড়লেন সাত পুরকর্মী! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

দুর্ঘটনা রুখতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়লেন বেশ কয়েক জন পুরকর্মী। আহত হলেন তাঁরা। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হল স্থানীয় হাসপাতালে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৩:২৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোচবিহারে দশমীর বিসর্জনে বিপর্যয়। দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় ঘটল বিপত্তি। উল্টে গেল প্রতিমা। দুর্ঘটনা রুখতে গিয়ে সেই প্রতিমার নীচেই চাপা পড়লেন বেশ কয়েক জন পুরকর্মী। আহত ওই পুরকর্মীদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জের রায়ডাক নদীতে ঘটেছে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। শহর এবং সংলগ্ন এলাকার বারোয়ারি ও বাড়ির প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রায়ডাক নদীতে করা হয়েছিল। সন্ধ্যা নাগাদ সেখানে আসে তুফানগঞ্জের জয়হিন্দ ক্লাবের দুর্গা প্রতিমা। সেই প্রতিমা নিরঞ্জনের সময়েই ঘটে বিপত্তি। মোট সাত জন পুরকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, কারও আঘাতই গুরুতর ছিল না। তাই, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ বিসর্জনের অনুষ্ঠান স্থগিত রাখা হয়। ঘাট চত্বরে হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রতিমা নিরঞ্জন শুরু হয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘাটের সিঁড়িতে পাতা রয়েছে পাটাতন। সেটির উপর রাখা হয়েছে দুর্গা প্রতিমা। মাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন পুরকর্মীরা। সকলে নিচু হয়ে প্রতিমাকে ঠেলে ঠেলে ঘাটের নিম্নভাগে নামাচ্ছেন। এর পরই হবে বিসর্জন। প্রতিমার পিছন দিকে দড়ি বেঁধে টানাও হচ্ছিল। পাছে প্রতিমা পড়ে না যায় তা নিশ্চিত করতে। কিন্তু, তা সত্ত্বেও বিপত্তি ঠেকানো গেল না। পাটাতনের উপর ভারসাম্য হারিয়ে সামনের দিকে উল্টে পড়ল প্রতিমা। ঘাটে উপস্থিত মানুষজন চিৎকার করে উঠলেন। কয়েক জন পুরকর্মী তৎক্ষণাৎ সেখান থেকে সরে গেলেও অনেকেই পারলেন না। দুর্গা প্রতিমাটি তাঁদের উপর উল্টে পড়ল। তৎক্ষণাৎ আশপাশ থেকে মানুষজন ছুটে এলেন। সকলে মিলে প্রতিমাটিকে তুলে চাপা পড়া কর্মীদের উদ্ধার করতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি নেটাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

Viral Video Durga Puja Durga idol immersion Cooch Behar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy