Advertisement
E-Paper

জানলায় হাত আটকে, গাড়ির ছাদে শুইয়ে দেড় কিমি ঘুরিয়ে চাপা দিয়ে খুন! ভয়ঙ্কর ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটপাড়া

তরুণের পরিবারের পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, অভিযুক্ত দুই তরুণের সঙ্গে নিহতের ঝামেলা হয়েছিল। মঙ্গলবার রাতে তরুণ যখন মেলা থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় উক্ত দুই তরুণ আরও দু’জনকে সঙ্গে নিয়ে গাড়ি করে এসে তাঁর পথ আটকান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৬:৪২

ছবি: সংগৃহীত।

চলন্ত গাড়ির ছাদে তুলে তরুণের হাত আটকানো হল জানলার কাচে। তার পর সেই অবস্থাতেই ঘোরানো হল প্রায় দেড় কিলোমিটার রাস্তা। এর পর গাড়ির উপর থেকে ফেলে চাপা দিয়ে মেরে ফেলা হল তরুণকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মঙ্গলবার রাতে কানপুরে ঘটেছে। তরুণ সেই সময় দশেরার মেলা থেকে ফিরছিলেন। চার তরুণ তাঁর সঙ্গে এই ভয়ঙ্কর কাজ করেন। তরুণকে গাড়ির ছাদে নিয়ে ঘুরে বেড়ানোর বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণের নাম বিরু সিংহ ভাদোরিয়া। তরুণ একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থায় সেলসম্যান হিসেবে কাজ করেন। পুলিশকে দেওয়া বিরুর পরিবারের বয়ান অনুযায়ী, অভিযুক্ত দুই তরুণের সঙ্গে ঝামেলা হয়েছিল বিরুর। মঙ্গলবার রাতে বিরু যখন মেলা থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় ওই দুই তরুণ আরও দু’জনকে সঙ্গে নিয়ে গাড়ি করে এসে বিরুর পথ আটকান। বিরু সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়। এর পর তাঁকে তুলে গাড়ির ছাদে শোয়ানো হয়। বিরুর হাত দু’টি সামনের দুই জানলায় ঢুকিয়ে কাচ তুলে দেওয়া হয়। তার পর সে ভাবেই তরুণকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ঘোরানো হয়।

বিরুর পরিবারের তরফে আরও জানানো হয়, পাড়ার অনেকেরই নজর কাড়ে সেই দৃশ্য। গাড়িটি নাকি ঝড়ের গতিতে ছোটানো হচ্ছিল। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরাতেও সেই দৃশ্য ধরা পড়েছে। দেড় কিলোমিটার পথ পেরোনোর পর বিরুকে গাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়। তার পর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান তরুণেরা। বিরুর এক প্রতিবেশী তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এর পর পরিবারের কাছে খবর গেলে তাঁরা বিরুকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়।

বিরুর পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের ছেলের খুনের তদন্ত করতে এবং এফআইআর নিতে চাইছে না। পুলিশ জানিয়েছে, বিরুর পরিবার থেকে নাকি প্রথমে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলা হয়েছিল। পড়ে সত্যি সামনে আসে। সেই অনুযায়ী তদন্ত চলছে। গাড়ির নম্বর মিলিয়ে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর শরীরে মোট আট জায়গায় চোট লেগেছে। প্রধানত মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা রঙের একটি গাড়ির উপর শুয়ে রয়েছেন এক তরুণ। তাঁর হাত দু’টির সামনের অংশ ঢোকানো রয়েছে গাড়ির সামনের দিকের জানলায়। ওই অবস্থায় ঝড়ের গতিতে ছুটে চলল গাড়িটি। পথচারীরা অবাক চোখে গাড়িটির দিকে তাকিয়ে রইলেন।

‘কন্টেন্টকিকামি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণদের কঠিন শান্তির দাবি জানাচ্ছি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভয়ঙ্কর।’’

Viral Video Kanpur Murder

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy