রেললাইনের মাঝে আটকে গেল চারচাকা। বহু চেষ্টা করেও গাড়িটিকে সেখান থেকে সরাতে পারলেন না চালিকা। তার মধ্যেই লাইনে চলে এল ট্রেন। সেটির আওয়াজ কানে ভেসে এল। তরুণী রেললাইন থেকে চারচাকাটি সরানো চেষ্টা আরও জোরালো করলেন। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কেরলে ঘটেছে। তরুণী নাকি রেলগেট বন্ধ হওয়ার মুহূর্তে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে রেললাইন পার করতে যান। সেই সময় গাড়িটি লাইনে আটকে যায়। গাড়িটি আটকে থাকার জন্য ট্রেনটি ছাড়তে ৩০ মিনিট বিলম্ব হয়। রেলপুলিশ এসে রেললাইন থেকে গাড়িটিকে বার করেন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের মাঝে আটকে রয়েছে কালো রঙের থার। চালকের আসনে বসে রয়েছেন এক তরুণী। তিনি বারংবার অ্যাক্সিলেটর ঘুরিয়ে গাড়িটিকে লাইন থেকে বার করার চেষ্টা করছেন। কিন্তু গাড়িটিকে সরানো গেল না। উল্টে গাড়ির সামনে থেকে ধোঁয়া বেরোনো শুরু করল। এমন সময় দূর থেকে ভেসে এল ট্রেনের আওয়াজ। তরুণী ভয় পেয়ে গেলেন। ব্যাগপত্তর-সহ গাড়িতে থাকা সবাইকে নিয়ে গাড়ি থেকে নেমে গেলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘দ্যইআরডক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৭০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক তরুণীর আত্মবিশ্বাসকে ঘটনার জন্য দায়ী করেছেন।