Advertisement
E-Paper

স্টান্টের নেশায় ৪০ ফুট রেলসেতু থেকে পড়ে গেলেন তরুণ, বাঁচলেন বরাতজোরে! ভাইরাল ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরতে। আহত তরুণের নাম মনু, বয়স ২১। মনু বিহারের ছেলে। কর্মসূত্রে তিনি সুরতে থাকেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২
stunt

ছবি: এআই সহায়তায় তৈরি।

বন্ধুর সঙ্গে রিল বানাতে রেলব্রিজে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল চমকে দেওয়া স্টান্ট করার। কিন্তু সেই স্টান্টের নেশায় যে আহত হতে হবে তা কল্পনা করেননি তরুণ। প্রায় ৪০ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে গেলেন তিনি। কিন্তু বেঁচে গেলেন বরাতজোরে। কী ভাবে সম্ভব? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরতে। আহত তরুণের নাম মনু, বয়স ২১। মনু বিহারের ছেলে। কর্মসূত্রে তরুণ সুরতে থাকেন। এক বন্ধুকে নিয়ে সুরতের কিম রেলব্রিজে রিল বানাতে গিয়েছিলেন তিনি। দুই তরুণ মিলে ব্রিজের স্তম্ভ বেয়ে উপরে ওঠেন। ঝাঁপ দিয়ে এক স্তম্ভ থেকে অপর স্তম্ভের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সময় ভারসাম্য হারান মনু। উপর থেকে নীচে পড়ে যান।

মনুর কপাল ভাল ছিল তাই রেলসেতু থেকে সরাসরি রাস্তার উপর পড়ে যাননি তিনি। উল্টে রেলসেতুর নীচে পার্ক করে রাখা অটোর ছাদের উপর পড়েন। মনুর ভারে অটোর ছাদটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় বিশেষ চোট পাননি মনু। তবে পুলিশকে দেওয়া বয়ানে মনু জানিয়েছেন, তাঁর টিকিট কাটার তাড়া ছিল। সেই কারণে স্তম্ভ বেয়ে উপরে উঠতে গিয়ে পড়ে যান তিনি। হয়তো ভয়ের চোটে মিথ্যার আশ্রয় নিয়েছেন মনু।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলসেতুর নীচে দাঁড়িয়ে রয়েছে দু’টি অটো। রাস্তা ধরে হেঁটে চলেছে মানুষজন। বেশ শান্ত পরিবেশ। তবে মুহূর্তেই সেই শান্তি হারিয়ে গেল। রেলসেতু থেকে ধপাস করে অটোর ছাদের উপর পড়ে গেলেন এক তরুণ। অটোটির ছাদ তরুণের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল। ছুটে এলেন স্থানীয়েরা। তরুণ হকচকিয়ে গেলেন। নিজেই উঠে দাঁড়িয়ে গা ঝাড়তে লাগলেন। স্থানীয়েরা ভিড় জমিয়ে তরুণের কোথাও লেগেছে কি না, কী করে এমনটা হল সে সব নিয়ে কথা বলতে লাগলেন।

‘দ্যতত্ত্বইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ছ’হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণের কাণ্ডকে ‘বোকামি’র তকমা দিয়েছেন।

Viral Video Surat Stunt Railway Overbridge

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy