Advertisement
E-Paper

গতির নেশায় দু’চাকাকে ধাক্কা থরের, ব্যস্ত সড়কে বাইক নিয়ে ছিটকে পড়লেন দুই আরোহী! ভাইরাল দুর্ঘটনার ভিডিয়ো

গাড়ির ভিড়ের মাঝে বাইক নিয়ে উল্টে পড়লেন চালক-সহ দু’জন। কিন্তু থরচালক গাড়ি থামানোর প্রয়োজন মনে করলেন না। ঝড়ের গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় গতি বাড়িয়ে মোটরবাইককে টপকাতে গিয়ে দুর্ঘটনা। কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাইককে ধাক্কা মারল একটি কালো রঙের থর। গাড়ির ভিড়ের মাঝে বাইক নিয়ে উল্টে পড়লেন চালক-সহ দু’জন। কিন্তু থরচালক গাড়ি থামানোর প্রয়োজন মনে করলেন না। ঝড়ের গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন তিনি। ঘটনাটি থরের পিছনে থাকা একটি গাড়ির ড্যাশ ক্যামেরায় ধরা পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি শনিবার রাত ৮টা নাগাদ দ্বারকা সড়কে ঘটেছে। ধাক্কা লাগা দু’চাকায় দু’জন তরুণ ছিলেন। উভয়ের মাথাতেই হেলমেট ছিল বলে গুরুতর চোট পাননি তাঁরা। থরটির রেজিস্ট্রেশন নম্বর ই-চালান পরিবহণের পোর্টালে ফেলে দেখা গিয়েছে সেই গাড়িটির বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচ হাজার টাকার জরিমানা রয়েছে। চলতি বছর অগস্টের শুরুর দিকে বিপজ্জনক ভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘন করায় গাড়িটিকে জরিমানা করা হয়। কিন্তু শনিবার রাতের ঘটনা দেখে থরচালকের সে বিষয়ে কোনও উদ্বেগ রয়েছে বলে মনে হয়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সড়কে গাড়ির মেলা। কে কার আগে যেতে পারে যেন সেই প্রতিযোগিতা চলছে। কালো রঙের একটি থরকে দেখে মনে হল সেই গাড়ির চালকের একটু বেশিই তাড়া রয়েছে। এঁকেবেঁকে গাড়ি চালিয়ে সকলের আগে যাওয়ার চেষ্টা করছেন চালক। আশপাশে কারও সঙ্গে ধাক্কা লাগছে কি না সে সব দিকে নজর নেই তাঁর। একটি বাইক এবং চারচাকার মাঝের সরু অংশ থেকে থরটি নিয়ে যাওয়ার চেষ্টা করলেন চালক। সরু অংশে ঢোকার সময় থরটির সঙ্গে ধাক্কা লাগল পাশে থাকা বাইকের। বাইকচালক ভারসাম্য হারালেন। ব্যস্ত রাস্তার উপর বাইক নিয়ে পড়ে গেলেন তিনি। পড়লেন বাইকের অন্য আরোহীও। থরচালক কাণ্ড ঘটিয়েও দাঁড়ানোর প্রয়োজন মনে করলেন না। গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রাজনিশ৫২৩০৫৮০৯’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা থরচালকের কাণ্ড দেখে ক্ষুদ্ধ। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ সমস্ত চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত।’’

Viral Video Road Accident Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy