সরু ফিনফিনে সাপ। কিন্তু পেটের কাছটা অদ্ভুত রকমের ফোলা। কারণ তিনটি গল্ফ বল গিলে নিয়েছে সেটি। পশু চিকিৎসকেরা সাপের কাণ্ড দেখে অবাক। সরু সেই সাপ কী করে তিনটি আস্ত বল খেয়ে নিল তা ভেবে পেলেন না তাঁরা। তবে সেটির পেট না কেটেই বলগুলি বার করলেন তাঁরা। কী ভাবে? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিয়োর এক পশু হাসপাতালে ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পশু হাসপাতালের স্ট্রেচারের উপর একটি সাপ। সেটি ধরে রেখেছেন দু’জন চিকিৎসক। সাপটির গলার নীচের অংশ বদখত ভাবে ফুলে রয়েছে। এক চিকিৎসক আঙুলের সাহায্যে গলার ফোল অংশের নীচের দিকটা টিপে চলেছেন। ফোলা অংশটা ধীরে ধীরে উপরে উঠে আসতে লাগল। এ বার সাপটি হাঁ করল। সেটির গলা থেকে বেরিয়ে এল একটি গল্ফ বল। পেটের কাছে আরও দু’টি গল্ফ বল আটকে থাকতে দেখা গেল। চিকিৎসকেরা জানালেন এই একই পদ্ধতি অবলম্বন করে সেগুলিকেও বার করা হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সাউথটেক্সাসঅ্যাভিয়েনোক্সটিক্স’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় এক লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বেচারা সাপ, বলগুলি দেখে নিশ্চই খাবার ভেবেছিল।’’