Advertisement
E-Paper

রাইফেল দিয়ে কাচ ভেঙে উল্টোনো গাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার পুলিশ দম্পতির! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

গাড়িটিকে উল্টে পড়ে থাকতে দেখে তাঁরা দাঁড়িয়ে যান। গাড়িটির কাছে গিয়ে দেখেন সেটির মধ্যে পাঁচ জন আটকে রয়েছেন। তার পর দম্পতি যা করেন, তা প্রশংসনীয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুলিশ দম্পত্তির মুহূর্তের সিদ্ধান্তের জোরে প্রাণে বাঁচলেন পাঁচ জন। একটি সাদা রঙের চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। সৌভাগ্যক্রমে তখনই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুলিশ দম্পতি। গাড়িটিকে উল্টে পড়ে থাকতে দেখে তাঁরা দাঁড়িয়ে যান। কাছে গিয়ে দেখেন সেটির মধ্যে পাঁচ জন আটকে রয়েছেন। তার পর দম্পতি যা করেন, তা প্রশংসার দাবি রাখে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউ-আগরা সড়কে ঘটেছে। উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল অমিত তেওয়াটিয়া সেই সময় স্ত্রী অর্চনা সিংহকে নিয়ে লখনউ-আগরা সড়ক ধরে সৌরিখ থেকে কনৌজের দিকে যাচ্ছিলেন। অর্চনাও পেশায় পুলিশকর্মী। সেই সময় রাস্তার পাশে চারচাকাটিকে তাঁরা উল্টে পড়ে থাকতে দেখেন। সেটির কাছে গিয়ে দেখতে পান গাড়ির ভিতর পাঁচ জন আটকে রয়েছেন। সাহায্য চেয়ে চিৎকার করছেন তাঁরা। অমিত আর কিছু না ভেবে সঙ্গে থাকা বন্দুক দিয়ে গাড়ির কাচে মারতে শুরু করেন। কাচ ভেঙে তাঁদের উদ্ধার করে সৌরিখের কমিউনিটি হেল্‌থ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। রাস্তার ধারে কাত হয়ে পড়ে রয়েছে সাদা রঙের চারচাকা। দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গিয়েছে সেটি। গাড়ির বেশির ভাগ অংশই দুমড়ে-মুচড়ে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে গাড়িটি। এক তরুণ হাতে রাইফেল নিয়ে গাড়িটির কাচ ভাঙছেন। দুই পথচারীও এগিয়ে এসেছেন সাহায্যর জন্য। গাড়ির ভিতর আটকে থাকা লোকেদের উদ্ধারের জন্যই এত তোড়জোড়। এক তরুণীকে গাড়ির দরজার কাচ ভেঙে টেনে বার করা হল। হাতে রাইফেল থাকা তরুণ বাকিদেরও সেখান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন। তাঁরা ভয় পেয়ে বেরোতে না চাইলে তরুণ জানালেন যে কোনও অসুবিধা হবে না। অন্য দিকে গাড়ি থেকে বেরিয়ে আসা তরুণী গাড়ির ভিতরে আটকে থাকা লোকজনদের অবস্থা নিয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। সেই সময় বন্দুক হাতে উদ্ধারকার্য চালানো তরুণের স্ত্রী এগিয়ে গেলেন তাঁকে সামলানোর জন্য। তরুণের স্ত্রীই হাতে মোবাইল নিয়ে গোটা ঘটনাটি ভিডিয়ো করছিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে।

‘তেজ়তারারদিল্লি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা পুলিশ দম্পতির প্রশংসা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দেশে আপনাদের মতো অনেক পুলিশের প্রয়োজন।’’

Viral Video Uttar Pradesh UP Police Car Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy