বাড়িতে ছোট শিশুরা খাওয়ার সময় প্রায়ই বায়না করে বা জেদ ধরে। এমন দৃশ্য নিশ্চয়ই অনেকেই দেখেছেন। এমন পরিস্থিতিতে অনেক মায়েরা আবার সন্তানদের হাতে ফোন ধরিয়ে দেন বা টিভি চালিয়ে দেন, যাতে তারা চুপচাপ খেয়ে নেয়। কিন্তু কোনও মহিষকে এমনটা করতে দেখেছেন কেউ? সমাজমাধ্যমে বর্তমানে তেমনই একটি ঘটনার ভি়ডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, একটি মহিষ কেবল টিভি দেখতে দেখতেই দুধ দেয়। চোখের সামনে টিভি বা রিল চালানো না থাকলে এক ফোঁটা দুধ দিতে চায় না মহিষটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক এক বধূকে জিজ্ঞাসা করছেন কেন তাঁর মহিষ দুধ দিচ্ছে না। বধূ উত্তর দেন, মহিষটি দুধ দেবে না। তখন ওই যুবক প্রশ্ন করেন, ‘‘যদি এখনই না দেয়, তবে কখন দেবে?’’ এর পর বধূ জানান, টিভিতে কিছু দেখালেই কেবল দুধ দেয় মহিষটি। বধূর উত্তর শুনে অবাক হয়ে যান যুবক। এর পর যা ঘটে, তা বেশ মজার। মহিষের দুধ দোয়ানোর জন্য বাড়ির টেলিভিশন চালিয়ে দেন বধূ। টিভির আওয়াজ মহিষটির দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে দুধ দিতে শুরু করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘণ্টা’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। মহিষটিকে একগুঁয়ে বা জেদি শিশুর সঙ্গেও তুলনা করছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই মহিষের বায়নাগুলি বেশ অদ্ভুত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘একেবারে বাড়ির ছোট বাচ্চার মতো আচরণ করছে। মহিষটি তো দেখছি খুব জেদি।’’