প্রিয়জনের হঠাৎ হারিয়ে যাওয়ার যন্ত্রণা কেবল তাঁরাই বোঝেন, যাঁরা দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনেছেন। মাসের পর মাস অপেক্ষা শেষে সেই মানুষটি যখন হঠাৎ ফিরে আসেন, তখন সেই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনই এক আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে, যেখানে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক প্রৌঢ়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট অনুযায়ী, ওই মহিলা প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে, তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। যদিও ভিডিয়োয় তাঁর নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে স্বামীর প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় যে পরিবারটির জন্য এই তিন মাস কতটা কঠিন ছিল। পরিবারের কোনও সদস্যের নিখোঁজ হয়ে যাওয়া কেবল এক ব্যক্তির উপর নয়, বরং পুরো পরিবারের উপরই মানসিক প্রভাব ফেলে। ভিডিয়োর সবচেয়ে আবেগঘন মুহূর্তটি হল, যখন প্রৌঢ় তাঁর নিখোঁজ স্ত্রীর কাছে পৌঁছোন। স্ত্রীকে দেখতে পেয়েই এগিয়ে যান তিনি। এর পরেই হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। দীর্ঘ অপেক্ষার পর তাঁর মনের আবেগ যেন বাঁধভাঙা জোয়ারের মতো বেরিয়ে আসে। আশপাশের মানুষ তাঁকে সান্ত্বনা দেন। স্বামী-স্ত্রীর পুনর্মিলনের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত অনেকেও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মদন মোহন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘প্রতিটি স্বামী-স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত।’’