চালু হয়নি লিফ্ট! তবে লিফ্টের গর্ত করা রয়েছে। হাঁটতে হাঁটতে সেই গর্তের কাছেই চলে গিয়েছিল একরত্তি। পড়েও যাচ্ছিল আর একটু হলে। শেষ মুহূর্তে এসে প্রাণ বাঁচালেন দেবদূত। দৌড়ে এসে শিশুটিকে ধরে নিলেন এক নিরাপত্তারক্ষী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিশু লিফ্টের জন্য করা গর্তের দিকে এগিয়ে যাচ্ছে। সে এত কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে বড় বিপদ ঘটতে পারত। হঠাৎ শিশুটিকে দেখতে পান এক নিরাপত্তারক্ষী। কোনও সময় নষ্ট না করেই তিনি দ্রুত দৌড়ে যান শিশুটির দিকে। তাকে ধরার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীর ক্ষিপ্র পদক্ষেপের কারণে শিশুটি পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। শিশুটিকে কোলে তুলে লিফ্টের গর্তের কাছ থেকে দূরে সরে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আলউইনা হেক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই নিরাপত্তারক্ষীর প্রশংসায়ও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিরাপত্তারক্ষীর সাহসিকতাকে কুর্নিশ। দেবদূতের মতো এসে শিশুটিকে বাঁচালেন।’’ তবে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।