Advertisement
E-Paper

স্কুটিচালককে বাঁচাতে পেট্রল পাম্পের খুঁটিতে সজোরে ধাক্কা বিয়েবাড়ির বাসের! ঘাড়ে পড়তে পড়তে বাঁচলেন যুবক

২৭ অগস্ট সকাল ১০টা নাগাদ কেরলমের এর্নাকুলাম জেলার কুথাট্টুকুলম-পিরাভম রোডের কাক্কুরের কাছে একটি পেট্রল পাম্পের কাছে উল্টে যায় বাসটি। বিয়ের যাত্রিবাহী বেসরকারি বাসটির সামনে হঠাৎ একটি স্কুটি চলে আসায় চালক দ্রুত মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৮:৫৭
Wedding Bus overturns as driver tries to save scooty Rider in Kerala

ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুটিচালককে বাঁচাতে গিয়ে পেট্রল পাম্পের খুঁটিতে সজোরে ধাক্কা! উল্টে গেল বিয়ের যাত্রীবোঝাই বাস। ঘাড়ে পড়তে পড়তে রক্ষা পেলেন অন্য এক স্কুটি আরোহী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলমে। আহত হয়েছেন ২০ জন। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৫ জন যাত্রীকে নিয়ে একটি বাস উল্টে যাওয়ায় কেরলমে বিয়ের অনুষ্ঠানের আনন্দঘন যাত্রা ভয়াবহ রূপ নেয়। ২৭ অগস্ট সকাল ১০টা নাগাদ কেরলমের এর্নাকুলাম জেলার কুথাট্টুকুলম-পিরাভম রোডের কাক্কুরের কাছে একটি পেট্রল পাম্পের কাছে উল্টে যায় বাসটি। বিয়ের যাত্রিবাহী বেসরকারি বাসটির সামনে হঠাৎ একটি স্কুটি চলে আসায় চালক দ্রুত মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্কুটিকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তা থেকে সরে গিয়ে কাছের একটি পেট্রল পাম্পের থামে গিয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়। বাসটি অল্পের জন্য ফুয়েল ডিসপেনসার (জ্বালানি পাম্পিং মেশিন), জ্বালানি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি গাড়ি এবং আর একটি স্কুটিতে ধাক্কা মারা থেকে রক্ষা পায়। স্কুটিচালকের প্রায় ঘাড়ে পড়ে যাচ্ছিল বাসটি। কয়েক চুলের জন্য বেঁচে যান স্কুটিচালক যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। দমকল এবং পুলিশও উদ্ধারকাজে হাত লাগায়। কুথাট্টুকুলমের কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, বাসের কোনও যাত্রীই গুরুতর আহত হননি। যদিও দুর্ঘটনার পর কয়েক জন যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কন্টেন্টকিকামি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। বাসচালক এবং স্কুটি আরোহী উভয়েরই নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকেরা। তাঁদের দাবি, স্কুটিচালকের যেমন দেখে রাস্তা পার হওয়া উচিত ছিল, তেমনই বাসচালকের উচিত ছিল দ্রুত গতিতে বাস না চালানো।

Viral Video Kerala Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy