একে অপরের সঙ্গে তুমুল ধস্তাধস্তি ও মারামারিতে জড়িয়ে পড়লেন এক দল তরুণী। ‘পাপা কী পরি’দের মারপিটে রণক্ষেত্রে পরিণত হল শপিং মলের ফুড কোর্ট! চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বার্গারের দোকানের কাছে টেবিল-চেয়ারের মাঝখানে কয়েক জন তরুণী একে অপরের ওপর চড়াও হয়েছেন। ধাক্কাধাক্কি, চুল টানাটানি করছেন। আর কাজ থামিয়ে সেই দৃশ্য দেখছেন আশপাশের লোকজন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শপিং মলের ফুড কোর্টে কয়েক জন তরুণী একে অপরের কাছাকাছি চলে আসেন এবং হঠাৎ করেই মারামারি শুরু হয়ে যায়। তরুণীদের সকলেই কালো পোশাকে ছিলেন। একে অপরের চুল ধরে হিংস্র ভাবে টানাটানি করতে দেখা যায় তাঁদের। এক জন অন্য জনকে ধাক্কা দিলে ধেয়ে আসে পাল্টা ধাক্কাও। কয়েক জন এসে তাঁদের আলাদা করার চেষ্টা করলেও মারামারি থামেনি। বেশ কিছু ক্ষণ ধরে চুল টানাটানি এবং ধাক্কাধাক্কি চলতে থাকে। ঘটনাস্থলে কয়েক জন নিরাপত্তারক্ষীদেরও দেখা যায়। শুরুতে তাঁরা কেবল ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। পরে এক নিরাপত্তারক্ষী টেবিলের উপর লাফ দিয়ে তড়িঘড়ি এগিয়ে যান তরুণীদের দিকে। তবে তাঁদের কাছে গেলেও সক্রিয় ভাবে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি তাঁকে। উল্টে এক দম কাছ থেকে মারপিট দেখতে থাকেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আশিস কুমার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তি এবং বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সবচেয়ে মজা পেয়েছেন নিরাপত্তারক্ষীরা। ‘পাপা কী পরি’দের মারপিট থামানোর বদলে তাঁরা দাঁড়িয়ে মজা দেখছিলেন। এ কেমন কথা?’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘মলের ভিতর এমন প্রকাশ্য মারামারি হচ্ছে, আর মানুষ শুধু ভিডিয়ো করছে। কেউ তা থামানোর চেষ্টা করছে না। আশ্চর্য।’’