কেরামতি করে সুমো কুস্তিগিরের মুখোমুখি ভারতীয় যুবক। আর তার পরিণাম যা হল তা দেখে চমকে উঠল নেটপাড়া। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কর্পোরেট অনুষ্ঠানে এক সুমো কুস্তিগির রিংয়ে নেমে লড়াই করার জন্য দর্শককে চ্যালেঞ্জ জানান। দর্শকের মধ্যে থেকে এক যুবক সাহস দেখিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কুস্তিগির তাঁকে রিংয়ের বাইরে ঠেলে দেন। এর পর আবার এসে সুমোর সঙ্গে লড়াইয়ের চেষ্টা করেন যুবক। কিন্তু পেরে ওঠেন না। এক ইঞ্চিও সরাতে পারেন না সুমোকে। এর পর সুমোর এক ধাক্কায় একেবারে কুপোকাত হন ভারতীয় যুবক। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন আর এক তরুণ দর্শক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নীলকমল_৫৬৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। তবে সাহসিকতার জন্য ভারতীয় ওই তরুণের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন কুস্তি! মারপিট হল না তো, কেবল মার হল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শরীরের ওজনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই ভারতীয় তরুণকে কুর্নিশ।’’