Advertisement
E-Paper

রাতের ট্রেনে মদ খেয়ে কুকথার ফোয়ারা! বাধা দেওয়ায় হেনস্থা, হুমকি তরুণী যাত্রীকে, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

তরুণী যাত্রীর দাবি, ঘটনাটি ঘটে রাত ১টা নাগাদ। তিনি জয়পুর থেকে শ্রী গঙ্গানগরগামী ওই ট্রেনে একটি এসি ২-টিয়ার কোচে ভ্রমণ করছিলেন। তাঁর অভিযোগ, পাশের কামরায় বসে থাকা তিন জন যুবক প্রায় আধ ঘণ্টা ধরে মদ্যপান করছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১০:৩০
Video claims drunk men allegedly harasses woman passenger on train at night

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের ট্রেনে মদ্যপান। তরুণী যাত্রীকে হেনস্থা এবং হুমকির অভিযোগ! অভিযোগ উঠল এক দল পুরুষ যাত্রীর বিরুদ্ধে। দাবি জয়পুর থেকে শ্রী গঙ্গানগরগামী ট্রেনে ঘটনাটি ঘটেছে। ওই পুরুষ যাত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন এক তরুণী। তাঁর অভিযোগ, গভীর রাতে পাশের কামরায় বসে মদ্যপান করছিলেন তাঁরা। অশালীন ভাষা ব্যবহার করছিলেন। তরুণীর একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে ট্রেনে নিরাপত্তাকর্মী না থাকার বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে প্রশ্নও তুলেছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভিডিয়োয় ওই তরুণী যাত্রীর দাবি, ঘটনাটি ঘটে রাত ১টা নাগাদ। তিনি জয়পুর থেকে শ্রী গঙ্গানগরগামী ওই ট্রেনে একটি এসি ২-টিয়ার কামরায় ভ্রমণ করছিলেন। তাঁর অভিযোগ, পাশের কামরায় বসে থাকা তিন জন যুবক প্রায় আধ ঘণ্টা ধরে মদ্যপান করছিলেন। পাশাপাশি চলছিল কুকথার ফোয়ারা। তরুণী তাঁদের কাছে গিয়ে থামতে অনুরোধ করেন এবং জানান যে কামরায় বাচ্চারাও রয়েছে। কিন্তু ওই পুরুষ যাত্রীরা মদ্যপান এবং গালিগালাজ চালিয়ে যেতে থাকেন বলে অভিযোগ। ভিডিয়োতে ওই মহিলা আরও অভিযোগ করেছেন যে, পুরো ট্রেনে কোনও পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। তিনি জানান, টিটিই-র মাধ্যমে রেলকর্মীদের বিষয়টি জানিয়েছিলেন এবং প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পরেও রেলপুলিশের তরফে কেউ আসেননি। এর পরেই পাশের কামরায় বসে থাকা ওই পুরুষ যাত্রীদের ভিডিয়ো রেকর্ড করেন তিনি। ভিডিয়োয় মদের বোতল বলে দাবি করে একটি বোতলও দেখনো হয়। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরুণী অভিযোগ তুলেছেন যে, অভিযুক্তদের এক জন তাঁর সন্তানদের মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন।

ট্রেনে নারী নিরাপত্তা সহায়তা প্রদানে দেরির বিষয়ে রেল কর্তৃপক্ষ এবং সরকারের কাছে প্রশ্নও তুলেছেন তরুণী যাত্রী। রেল এবং সরকারের সমালোচনা করে তাঁর প্রশ্ন, ‘‘নারীদের নিরাপত্তার বিষয়ে আপনারা আসলে কতটা চিন্তিত?’’ ওই মহিলা আরও দাবি করেন, শুরুতে তাঁকে বলা হয়েছিল মকরাণায় একজন পুলিশকর্মী ট্রেনে উঠবেন। কিন্তু কেউ আসেননি। পরে বলা হয় দেগানায় নিরাপত্তাকর্মীরা উঠবেন। কিন্তু সেখানেও কোনও পুলিশকর্মী ওঠেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। মহিলার এই অভিযোগগুলি ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে গভীর রাতের যাত্রার সময়কার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি, অভিযুক্তদের পরিচয় কিংবা তাঁরা মদ্যপান করছিলেন কি না, তা নিরপেক্ষ ভাবে যাচাই করা হয়নি। পাশাপাশি ট্রেনে নিরাপত্তাকর্মী না থাকার যে দাবি উঠেছে, সে বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সীতামঢ়ী জিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময়প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগপ্রকাশ করেছেন অনেকে। নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Woman Safety Indian Railway

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy