জলাধারের ভিতর ঢুকে পড়ল অজগর। উদ্ধারে এগিয়ে এলেন এক তরুণ। মইয়ের সাহায্যে জলাধারে নামলেন তরুণ। অর্ধেক শরীর জলে নিমজ্জিত করে লেগে পড়লেন সাপ উদ্ধারের কাজে। এর পর তরুণ যা করলেন, তা দেখে চোখ কপালে উঠল আশপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাধারের কোনায় ঘাপটি মেরে বসে রয়েছে দৈত্যাকার সাপ। এক তরুণ মই বেয়ে জলাধারের মধ্যে নামলেন। অর্ধেক জলে দাঁড়িয়ে সাপটিকে সেখান থেকে বার করার কাজে লেগে পড়লেন তরুণ। সন্তর্পণে জলের ভিতর হাত ঢুকিয়ে সেটির মুখের কাছটা চেপে জলের উপরে তুললেন তরুণ। অজগরটি ছটফট করা শুরু করল। তরুণের হাত থেকে মুখ ছাড়িয়ে বিশাল হাঁ করে এগিয়ে গেল। কিন্তু লাভের লাভ হল না। তরুণ কায়দা করে সাপটির পেট ঘেঁষে হাত নামিয়ে লেজটি চেপে ধরলেন। তার পর সাপের লেজের কাছটা ধরে রেখে মই বেয়ে উপরে উঠলেন। সাপের মাথার কাছটি জল থেকে উপরে উঠতেই দুই তরুণ এগিয়ে এলেন। সাপের মাথাটি ধরার চেষ্টা করলেন তাঁরা। কিন্তু পারলেন না। সাপটি বার বার কামড়ানোর জন্য এগিয়ে যেতে লাগল। হাড়হিম করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ভিএসটেকসলিউশন’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৪ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণের সাহসের প্রশংসা করেছে নেটপাড়া। তবে একদল নেটাগরিক খালি হাতে সাপ ধরার বিষয়টিকে বিপজ্জনক মনে করেছেন। একে নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘নিরাপত্তার কথা মাথায় রাখা উচিত ছিল।’’ অপর এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমার বুক কেঁপে উঠল।’’