নগরায়নের জন্য একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে। তা নিয়ে অনেকেই সমাজমাধ্যমে নানা লেখা পোস্ট করেন। তবে জঙ্গল বাঁচাতে ছুটে যান না কেউই। কিন্তু জঙ্গল যাঁদের ঘরবাড়ি, সেই পশুরা নিজেদের ‘ঘর ভাঙা’ মানতে নারাজ। পেল্লায় মাটি কাটার যন্ত্রের বিরুদ্ধে হাতির রুখে দাঁড়ানোর এক মন ছুঁয়ে যাওয়া ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও মাটি কাটার যন্ত্রটি সেখানে গাছ কাটার জন্যই গিয়েছিল না অন্য কোনও কারণে তা সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে অসমে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চা-বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পেল্লায় জেসিবি। সেটির বিপরীতে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। ‘ঘর’ বাঁচাতে ছুটে এসেছে গজানন। মাটি কাটার যন্ত্রের হাতলে শুঁড় ঠেকিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করে চলল হাতি। মাথা দিয়ে সেটিকে ধাক্কা দিতে লাগল। মাটি কাটার যন্ত্রটি এগিয়ে গেলে হাতিটি আরও ক্ষিপ্ত হয়ে উঠল। লড়াই থামাল না। মাথা এবং শুঁড় দিয়ে মাটি কাটার যন্ত্রের হাতলে একের পর এক বাড়ি মেরে চলল সে। আশপাশে লোকজন দাঁড়িয়ে গজের কাণ্ড দেখে চলল। অনেকে মোবাইল হাতে ঘটনাটি ক্যামেরাবন্দিও করলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘গেট দ্য ফেম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা হাতিটির প্রতি সহানুভূতি জানিয়েছেন। মন্তব্যবাক্সে অনেকে জঙ্গল কাটার প্রতিবাদ করেছেন।