রেললাইন ধরে ছুটে চলেছে ট্রেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কানে মোবাইল নিয়ে কথা বলে চলেছেন। ট্রেনের ভিতর কাউকে কোনও জিনিস দেওয়ার আছে তাঁর। হাতে সেটি নিয়েই দাঁড়িয়ে রয়েছেন সেই ব্যক্তি। কিন্তু ট্রেন তো দাঁড়াবে না, তা হলে জিনিসটি কী ভাবে দেওয়া হবে? সেটি দেওয়ার অদ্ভুত উপায় খুঁজে বার করলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুত গতিতে ছুটছে ট্রেন। লাইন থেকে অনতিদূরে হাতে সাদা রঙের বস্তু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কানে মোবাইল নিয়ে ব্যস্ততার সঙ্গে কথা বলে চলেছেন সেই ব্যক্তি। তাঁর ব্যস্ততার কারণ, হাতে থাকা জিনিসটি ট্রেনের এক যাত্রীর হাতে তুলে দিতে হবে তাঁকে। কিন্তু ট্রেন তো সেখানে থামবে না। ব্যক্তি তাই উক্ত যাত্রীকে দরজার কাছে এসে হাত নাড়াতে বললেন। ট্রেনের কাছে এগিয়ে এলেন দু’-তিন জন তরুণ। তাঁদের মধ্যে এক জন ওই ব্যক্তির হাত থেকে জিনিসটি ছিনিয়ে নিলেন। ট্রেনের এক বগির দরজার কাছে দাঁড়িয়ে হাত নাড়াতে দেখা গেল এক তরুণকে। বোঝা গেল তিনিই সেই মানুষ যাঁকে জিনিসটি দিতে হবে। লাইনের পাশে দাঁড়িয়ে থাকা তরুণ তৎক্ষণাৎ জিনিসটি দরজায় দাঁড়িয়ে থাকা তরুণকে তাক করে ছুড়ে মারলেন। জিনিসটি ট্রেনের ভিতর ঢুকে গেল। কাজ মিটে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আয়েষা৭৮৬মাজিদ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণের বুদ্ধির প্রশংসা করেছেন।