প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও হেঁটে কলেজ যাচ্ছিলেন ১৯ বছর বয়সি তরুণী। মাঝরাস্তায় তাঁকে পিষে দিল ক্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদে। নিহত তরুণীর নাম প্রেরণা নিনামা। মঙ্গলবারের সকালে অহমদাবাদের গোটা এলাকায় কলেজের দিকে হেঁটে যাওয়ার সময় একটি পিক-আপ ক্রেন তাঁকে চাপা দেয়। ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক ক্রেনের চালক। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ গোটা এলাকার সিলভার ওক ইউনিভার্সিটির বিএসসি প্রথম বর্ষের ছাত্রী প্রেরণা বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা দেন। কলেজ থেকে মাত্র ২০০ মিটার দূরে বেপরোয়া গতিতে আসা একটি পিক-আপ ক্রেন প্রেরণাকে ধাক্কা দেয় এবং তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল ১১টা ৫৫ মিনিটে রাস্তার বাঁ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রেরণা। পিছন থেকে ক্রেন এসে তাঁকে ধাক্কা দেয় এবং তাঁকে পিষে দিয়ে থেমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, প্রেরণাকে পিষে দেওয়ার পর অভিযুক্ত ক্রেনচালক অরুণ নিষাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছুটে আসেন স্থানীয়েরা। পুলিশে খবর দেওয়া হয়। এর পর স্থানীয়েরাই একটি দল গঠন করে অভিযুক্তকে সোলা এলাকা থেকে খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওই অংশে কোনও ফুটপাত নেই। ফলে পথচারীরা রাস্তার ওপর দিয়েই হাঁটতে বাধ্য হন। পুরো ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি নিয়েও অভিযোগ তুলেছেন স্থানীয়েরা।
আরও পড়ুন:
মর্মান্তিক ঘটনার ভি়ডিয়োটি শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যম ‘নেক্সটমিনিট নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।