রামায়ণ, মহাভারতে মহিলারা মরেননি। শুধু পুরুষেরা মরেছেন! তেমনটাই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন মধ্যপ্রদেশের এক বিধায়ক। বিজেপির ওই বিধায়কের নাম পান্নালাল শাক্য। অভিযোগ, গুনায় অনুষ্ঠিত বলরাম কৃষি উৎসবের মঞ্চে বক্তৃতা করার সময় রামায়ণ ও মহাভারতের ঘটনার প্রসঙ্গ টেনে নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন পান্নালাল। তাঁর সেই মন্তব্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসনের উদ্যোগে গুনার নানখেড়ি মান্ডি চত্বরে বলরাম কৃষি উৎসবের আয়োজন করা হয়েছিল। রাজ্যের অনেক নেতা যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে বক্তৃতা করেন একের পর এক বিজেপি নেতা। ভাষণ দিতে ওঠেন বিধায়ক পান্নালালও।
আরও পড়ুন:
বক্তৃতার সময় পান্নালাল কৃষক, কৃষি এবং দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সঙ্গে ধর্মীয় ও ঐতিহাসিক উদাহরণও তুলে ধরছিলেন তিনি। রামায়ণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাবণের হাতে সীতার হরণের কথা উল্লেখ করেন পান্নালাল। বলেন, এর পরবর্তী যুদ্ধে বহু মানুষের বিনাশ ঘটেছিল। তিনি আরও বলেন, “রামায়ণের সময় অনেক মানুষ রাবণকে উপদেশ দিয়েছিল। এমনকি তার ভাই তাকে বলেছিল, ‘আপনি কেন অন্য পুরুষের স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন? এটি মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। তাঁকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিন।’ তার পরের কথা সকলের জানা। আপনি যদি সেই যুদ্ধে দেখেন, তা হলে দেখবেন সে যুদ্ধে কোনও মহিলা মারা যাননি। পুরুষরাই প্রাণ হারিয়েছিলেন। মহাভারতেও একই ঘটনা ঘটেছিল।’’
মহাভারত এবং দ্রৌপদী সম্পর্কিত ঘটনারও উল্লেখ করে পান্নালাল জানান, সে ক্ষেত্রেও বহু মানুষের মৃত্যু হয়েছিল। বক্তৃতায় পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তার গল্পের কথাও উল্লেখ করেন পান্নালাল। তবে তাঁর ওই সব মন্তব্যের প্রতিবাদ করেন চাচোদা বিধানসভার বিধায়ক প্রিয়ঙ্কা পাইঞ্চি। পান্নালালের মন্তব্যকে অনুচিত এবং নারীবিদ্বেষী বলে আখ্যা দেন তিনি। মঞ্চেই উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় দুই বিজেপি নেতার মধ্যে। পান্নালাল তাঁর বক্তব্যের পক্ষে যুক্তি দিতে মন্তব্য করেন, তিনি অনেক বই পড়েছেন এবং ঐতিহাসিক ঘটনাগুলি বিস্তারিত ভাবে জানেন। প্রিয়ঙ্কাকে বসেও পড়তে বলেন পান্নালাল। দু’জনের বাদানুবাদের কারণে অনুষ্ঠানে উপস্থিত লোকজন কিছু ক্ষণের জন্য অস্বস্তিতে পড়েন। অনুষ্ঠানটি কৃষি এবং কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য আয়োজন করা হলেও দুই বিজেপি নেতার মধ্যেকার মতবিরোধই আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শুভম শুক্ল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিধায়কের মন্তব্যের নিন্দা করে সরব হয়েছেন অনেকে। সমাজমাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে ঘটনাটি।