হোটেলে দুই স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া, হাতাহাতি। দেখেই জ্ঞান হারালেন মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান! তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হল তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিশরের উত্তর উপকূলের পোর্তো মারিনার একটি হোটেলে হাসানের বর্তমান স্ত্রী দিনা ‘ড্যান অ্যাডাম’ মোস্তফা এবং প্রথম স্ত্রী হোয়াইদা আল-ঘারবাউইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই বিবাদ এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। শুরু হয় ধস্তাধস্তি। এর পর তাঁদের মধ্যে তুমুল মারামারিও শুরু হয়। এক পর্যায়ে তাঁরা একে অপরের চুল ধরে টানাটানি শুরু করেন। চলতে থাকে কিল-ঘুষিও। হোটেলে উপস্থিত লোকজনের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজন, অন্যান্য আবাসিক এবং নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তাঁদের আলাদা করার চেষ্টা করেন। তবে থামার বদলে মারামারি আরও তীব্র আকার ধারণ করে। আহত হন হাসানের দুই স্ত্রীই। ‘অফসাইডার’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
খবর, সংঘর্ষের সময় হাসানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মারামারি থামানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁর দুই স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন হাসান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিপন্মুক্ত। তবে তাঁর গুরুতর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে।
অন্য দিকে, হাসানের পারিবারিক বিবাদ আইনি মোড় নিয়েছে। মিশরের জাতীয় ফুটবল দলের কোচের বর্তমান স্ত্রীর আইনজীবী জানিয়েছেন যে তাঁর মক্কেল হামলার শিকার হয়েছেন এবং ঘটনাটিকে একটি পূর্বপরিকল্পিত হামলা হিসাবেও দাবি করেছেন। অন্য একটি প্রতিবেদনে বলা হয় যে, ইতিমধ্যেই প্রথম স্ত্রী হোয়াইদার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন হাসান। যদিও বিচ্ছেদের বিষয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন দাবি করেছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, হাসানের প্রশিক্ষণে ফিফা বিশ্বকাপে মিশর এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল। প্রথম বারের মতো শেষ ১৬-তে পৌঁছোতে সক্ষম হয়েছিল দেশটি। নকআউট পর্বে ওঠার পথে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ফারাওয়ের দেশ। তবে আর্জেন্টিনার কাছে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল মিশর। ২-০ এগিয়ে গিয়েও ২-৩ গোলে হেরেছিল তারা। সেই ম্যাচে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়। হারের বেশ কিছু দিন পরেও সেই ঘটনা ভুলতে পারেনি মিশর। সে দেশের কোচ জানিয়েছিলেন, আর্জেন্টিনার কাজই হল বিপক্ষ দলকে রাগিয়ে দেওয়া। ম্যাচের পরেও মিশরের কোচ রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাসান সে সময় বলেছিলেন, “রেফারি ভাল ছিলেন না। অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।”
আরও পড়ুন:
-
চলন্ত ট্রেনে জনসমক্ষে জোর করে চুম্বন, আদর! স্বামীর কাণ্ডে লজ্জায় ঘোমটা দিলেন নববধূ, ভাইরাল ভিডিয়ো
-
মায়ের বিরুদ্ধে নালিশ করতে বাবাকে নিয়ে পুলিশের দ্বারস্থ খুদে! কারণ জেনে হতবাক পুলিশ, ভাইরাল ভিডিয়ো
-
জঙ্গলের রাস্তার দু’পাশে সিংহের দল, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন নির্ভীক সাধু! ভাইরাল ভিডিয়ো নিয়ে উঠল প্রশ্নও