Advertisement
E-Paper

কয়েক সেকেন্ডে ৩২ বার চড়! জিম থেকে দুই দলের কথা কাটাকাটি এল রাস্তায়, তার পরেই লড়াই! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বাগপত কোতোয়ালি এলাকার অন্তর্গত আগরওয়াল মান্ডি তাতিরির একটি জিমে ঘটেছে। সেখানে কয়েক জন শারীরচর্চা করছিলেন। এমন সময় কোনও এক বিষয় নিয়ে দুই দলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৩
Video shows brawl between two group’s inside gym in Uttar Pradesh’s Baghpat, police investigating

ছবি: এক্স থেকে নেওয়া।

একে অপরকে নৃশংস ভাবে মারধর! কয়েক সেকেন্ডের মধ্যে ৩২ বার চড়! জিমে দুই দলের মধ্যে কথা কাটাকাটি থেকে সৃষ্ট বিবাদ দ্রুত সংঘর্ষে রূপ নেওয়ার পর দেখা গেল তেমনই এক দৃশ্য। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বাগপত কোতোয়ালি এলাকার অন্তর্গত আগরওয়াল মান্ডি তাতিরির একটি জিমে ঘটেছে। সেখানে কয়েক জন শারীরচর্চা করছিলেন। এমন সময় কোনও এক বিষয় নিয়ে দুই দলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। সেই বাগ্‌বিতণ্ডা দ্রুত হাতাহাতিতে রূপ নেয় এবং জিমের ভেতরেই উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হয়। হঠাৎ শুরু হওয়া সেই মারামারিতে জিমে উপস্থিত অন্যেরাও হতবাক হয়ে পড়েন। কয়েক জন এগিয়ে এসে মারামারি ছাড়ানোর চেষ্টা করেন। জিমের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দলগুলি বাইরে বেরিয়ে যাওয়ার পর আবার বিবাদ শুরু হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার সংঘর্ষের পর এক দলের সদস্যেরা তাদের সহযোগীদের ঘটনাস্থলে ডেকে আনে। এরপর জিমের বাইরে আবারও মারামারি শুরু করে দু’পক্ষ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জিমের ভেতরে শারীরচর্চার বিভিন্ন যন্ত্রপাতির মাঝেই কয়েক জন যুবক এবং তরুণ একে অপরকে ঘুষি এবং লাথি মারছে। এর পর বিবাদটি জিমের বাইরে গড়ায় এবং সেখানেও দুই দলের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এর মধ্যে ভিডিয়োর একাংশে এক তরুণকে অন্য এক জনকে কয়েক সেকেন্ডের মধ্যে ৩২ বার চড় মারতে দেখা গিয়েছে। যদিও ভিডিয়ো থেকে জিমের অন্দরের তর্ক-বিতর্ক এবং মারামারির কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মারামারিতে জড়িতদের বিস্তারিত পরিচয়ও এখনও জানা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘পি২-চন্দ্রবংশী’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে বাগপত পুলিশও।

পুলিশ জানিয়েছে যে তারা ভিডিয়ো ফুটেজটি খতিয়ে দেখছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। স্থানীয় থানাকে পরবর্তী পদক্ষেপ নিতে এবং কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা-ও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Viral Video Uttar Pradesh police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy