ফ্লাইদুবাই বিমানকাণ্ডে সাহসিকতা প্রদর্শনের জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ধন্যবাদ জানাতে এক অনন্য উপায় বেছে নিয়েছেন এক ইজ়রায়েলি-মার্কিন সঙ্গীতশিল্পী। স্মিতের জন্য হিন্দি গান শিখে তাঁকে উৎসর্গ করলেন তিনি। তাঁর সেই গান গাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইজ়রায়েলি-মার্কিন ওই সঙ্গীতশিল্পীর নাম ইতাই বেন্ডা। ভারতীয় পাইলট স্মিত এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ছবির জনপ্রিয় গান ‘তুঝ মেঁ রব দিখতা হ্যায়’ গানটি গেয়ে রেকর্ড করেছেন তিনি। রূপকুমার রাঠৌরের গাওয়া গানটি শাহরুখের ২০০৮ সালের রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘রব নে বানা দি জোড়ি’র। মাঝ-আকাশে ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনার পর স্মিত এবং বাকি ভারতীয়দের ধন্যবাদ এবং সম্মান জানাতেই সেটি গেয়ে উৎসর্গ করেছেন বেন্ডা।
আরও পড়ুন:
ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীরা হিন্দি গানটি বেছে নেওয়া এবং তা ভারতীয় পাইলটকে উৎসর্গ করার জন্য বেন্ডার প্রশংসা করছেন। অনেকে তাঁর হিন্দি উচ্চারণের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ক্যাপ্টেন স্মিতের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানানোর জন্য এটিই ছিল সবচেয়ে উপযুক্ত একটি গান। ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের কী এক হৃদয়স্পর্শী উদ্যোগ!’’ অন্য এক জন লিখেছেন, “এত চমৎকার এবং মানানসই একটি গান গাওয়ার জন্য একজন ভারতীয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।” ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজ়েড১০৭৩-এ ঘটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্যাপ্টেন মচ্ছরের সাহসিকতার জন্য সারা বিশ্বে প্রশংসা কুড়োনোর কয়েক দিনের মধ্যেই এই সঙ্গীত-শ্রদ্ধাঞ্জলিটি দেওয়া হল।