বহুতলের বারান্দা থেকে পা পিছলে পড়ে যাচ্ছিল ৫ বছরের শিশু। ধরতে দৌড় দিলেন এক দোকানদার। মোক্ষম সময়ে লুফে নিলেন শিশুটিকে। ক্যামেরায় ধরা পড়ল সেই নাটকীয় মুহূর্ত। ঘটনাটি ঘটেছে মিশরের গিজ়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২৯ সেপ্টেম্বর মিশরের গিজ়ার ‘আরদ আল-লেওয়া’ এলাকায় ঘটে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, জনাকীর্ণ রাস্তায় মানুষজন চলাফেরা করছে। ঠিক তখনই একটি ভবনের উপরের বারান্দা থেকে হঠাৎ একটি শিশু নীচে পড়ে যায়। নীচেই দোকান ছিল আহমেদ রজব নামের এক যুবকের। চিৎকার এবং কান্না শুনেই তৎপর হয়ে ওঠেন তিনি। শূন্যে থাকা শিশুটির দিকে দৌড়ে যান। চোখের পলকে নেওয়া এক পদক্ষেপে মাটিতে আছড়ে পড়ার আগেই শিশুটিকে লুফে নিতে সক্ষম হন রজব। ঘনবসতিপূর্ণ সরু রাস্তার কারণে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল খুবই কম, যা এই উদ্ধারকাজকে আরও বেশি নাটকীয় করে তোলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। অন্য এক ফুটেজে দেখা গিয়েছে, শিশুটিকে কোলে নিয়ে বারান্দার দিকে ফিরে তাকাচ্ছেন রজব। এর পর শিশুটিকে নিয়ে সরে আসার সময় তিনি কাছে রাখা একটি গদির উপর ভর দিয়ে দাঁড়ান। মনে হচ্ছিল তীব্র উত্তেজনার প্রভাবে তিনি কিছুটা বিহ্বল হয়ে পড়েছেন।
আরও পড়ুন:
ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে রজব জানান, বাইরে বেরিয়ে তিনি হট্টগোল শুনতে পান। তিনি বলেন, ‘‘সব কিছু এত দ্রুত ঘটেছিল যে, আদৌ শিশুটিকে ধরতে পারব কি না, তা নিয়ে ভাবার মতো সময়ও পাইনি।’’ মিশরীয় যুবক জানান, তিনি কেবল সহজাত প্রবৃত্তি থেকেই এমনটি করেছিলেন। শিশুটিকে পড়ে যেতে দেখে সাহায্য করার চেষ্টা না করে তিনি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে পারেননি।
আরও পড়ুন:
ওই টানটান ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মাসিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক শিশুর জীবন-মরণ সঙ্কটের মুহূর্তে একজন সাধারণ পথচারীর তাৎক্ষণিক এবং সাহসী পদক্ষেপের কারণে যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এ তো দেখছি আসল শক্তিমান! যুবককে কুর্নিশ।