উৎক্ষেপণের সময়েই আছড়ে পড়ল বজ্রপাত। অলৌকিক ভাবে তার পরেও টিকে গেল চিনা রকেট। বজ্রাঘাত হওয়ার পরেও গন্তব্যের দিকে রওনা দিল চিনের লং মার্চ-৩বি। বৃহস্পতিবার সিচাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘নির্ভরযোগ্য’ লং মার্চ-৩বি রকেটটি উৎক্ষেপণ করে চিন। রকেটটি যোগাযোগ রক্ষাকারী একটি কৃত্রিম উপগ্রহকে ভূ-স্থির কক্ষপথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড়ান শুরুর প্রায় ৩০ সেকেন্ডের মাথায় রকেটের মাথায় বজ্রপাত আঘাত হানে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আর্দ্র আবহাওয়ার মধ্যে রকেটটি বায়ুমণ্ডলের বুক চিরে উপরের দিকে উঠে যাচ্ছে। হঠাৎ বজ্রপাতের আলোয় আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। বাজ পড়ে রকেটির মাথায়। মহাকাশযানটির উড়ান শুরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক পর্যায়ে ওই ঘটনায় উদ্বেগে পড়ে যান কর্মকর্তারা। তবে বজ্রাঘাতের পরেও নিজের পথে এগিয়ে যায় লং মার্চ-৩বি। কৃত্রিম উপগ্রহটিকে সফল ভাবে তার নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয় রকেটটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যাত্রার শুরুতে এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও রকেটটি যে টিকে থাকতে সক্ষম হয়েছে, তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:
কৃত্রিম উপগ্রহটির নিরাপদে নির্ধারিত কক্ষপথে পৌঁছোনোর বিষয়টি নিশ্চিত করেছে চিনের মহাকাশ সংস্থা ‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন’। সংস্থাটি জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটি ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশন এবং অন্যান্য মানববাহী মহাকাশ অভিযানের যোগাযোগ ব্যবস্থায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
লং মার্চ-৩বির উপর বজ্রপাতের ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘লুনার সিটিজ়েন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দৃশ্যটি একই সঙ্গে চমৎকার এবং ভীতিকর। সত্যি বলতে, এমন পরিস্থিতির মধ্যেও রকেটটির টিকে থাকা আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের পরিস্থিতির জন্যই এগুলো তৈরি করা হয়।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এই প্রথম চিনের ভাল কোনও পণ্য দেখলাম।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, রকেট উৎক্ষেপণের সময় বজ্রপাতের ঘটনা এই প্রথম নয়। বজ্রপাতের কারণে ১৯৬৯ সালে বিপদের মুখে পড়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘অ্যাপোলো ১২’। বজ্রপাতের কারণে মহাকাশযানের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন ব্যবস্থা সাময়িক ভাবে অকেজো হয়ে পড়েছিল। তবে সৌভাগ্যবশত, মহাকাশচারীরা পুনরায় রকেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিলেন।