Advertisement
E-Paper

নাবালিকাকে ‘একা’ পেয়ে বাড়িতে ঢোকার চেষ্টা ডেলিভারি কর্মীর! ‘প্ল্যান’ ভেস্তে দিলেন সাহসিনী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ডেলিভারি কর্মী যুবক একটি বাড়িতে অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন। এক নাবালিকা দরজা খুলে অর্ডারটি গ্রহণ করে। এমন সময় ওই যুবক দাবি করেন যে, ডেলিভারির প্রমাণ হিসাবে তিনি ছবি তুলতে চান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৩:৪৮
Video shows Delivery agent tries to step inside home while delivering order, internet reacts

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের বেলা নাবালিকার হাতে অর্ডার দেওয়ার সময় অজুহাতে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা। মায়ের তৎপরতায় ভেস্তে গেল ডেলিভারি কর্মীর পরিকল্পনা! সমাজমাধ্যমে তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি বাড়ির দরজায় নিরাপত্তা এবং ডেলিভারির সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ডেলিভারি কর্মী যুবক একটি বাড়িতে অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন। এক নাবালিকা দরজা খুলে অর্ডারটি গ্রহণ করে। এমন সময় ওই যুবক দাবি করেন যে, ডেলিভারির সঠিক প্রমাণ হিসাবে তিনি ছবি তুলতে চান। এই বলে নাবালিকার সঙ্গে ঘরে ঢুকে পড়ার চেষ্টা করেন তিনি। কিন্তু নাবালিকার মা দরজার আড়ালেই ছিলেন। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ পদক্ষেপ করেন তিনি। বেরিয়ে যেতে বলেন ডেলভারি কর্মী যুবককে। তাঁকে বাড়ির ভিতরে ঢোকা থেকে বিরত করেন। গোটা ঘটনাটি দরজার বাইরে সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও গ্রাহকের বাড়িতে ঢোকার চেষ্টা করার নেপথ্যে ডেলিভারি কর্মীর কী উদ্দেশ্য ছিল তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভিডিয়ো অনুযায়ী, নাবালিকার মায়ের জেরার মুখে কেন তিনি বাড়িতে ঢুকছিলেন তা ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেন ওই ডেলিভারি কর্মী। সিসি ক্যামেরার সময়সূচি অনুযায়ী, ঘটনাটি গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটেছিল।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আজ কা লফড়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ক্যাপশনে লেখা, ‘‘ডেলিভারি কর্মী ভেবেছিলেন মেয়েটি বাড়িতে একা, তাই তিনি কোনও ভাবে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মা সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ওই ব্যক্তিকে বাধা দেন। নাবালিকার মাকে কুর্নিশ জানাই। ডেলিভারির প্রমাণের খাতিরে বা অন্য কোনও কারণে কখনওই কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না, কারণ আপনি তাঁদের আসল উদ্দেশ্য জানেন না।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি বাড়িতে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। নেটাগরিকদের একাংশের দাবি, ডেলিভারি কর্মী হয়তো বুঝতে পারেননি যে বাড়ির ভিতরে অন্য কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত আছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাহসিনী মা। সতর্ক থাকা এবং নিজের উপর আস্থা রাখা জরুরি। দরজায় কোনও ডেলিভারি এলে তা যাচাই করে নেওয়া এবং যে কোনও সন্দেহজনক পরিস্থিতিতে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘ওই ডেলিভারি কর্মীর হয়তো কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। হয়তো তিনি ভাল মানুষ। কিন্তু ঝুঁকি নেওয়া ঠিক নয়। সবসময় সতর্ক থাকুন।’’

Viral Video Delivery Boy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy