রাজধানী দিল্লির কোনও না কোনও মারামারি বা ঝগড়ার ভিডিয়ো প্রায় প্রতি দিনই সমাজমাধ্যমে ভাইরাল হয়। কখনও তা দিল্লি মেট্রোর ভেতর হয়, আবার কখনও রেলস্টেশনে। এ বারও তেমনই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে এ বারের ঘটনাটি ঘটেছে একটি ডিটিসি বাস (দিল্লির সরকার)-কে কেন্দ্র করে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মদ্যপ যুবক ডিটিসি বাসের সামনে হট্টগোল পাকাচ্ছেন এবং বার বার বাসের গায়ে ঘুষি মেরে চলেছেন। তবে এর প্রতিক্রিয়ায় ধৈর্য হারিয়ে বাসের চালক যা করেছেন, তা হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, ধীর গতিতে চলা শীতাতপ নিয়ন্ত্রিত ডিটিসি বাসের দরজার কাছে দাঁড়িয়ে বাসটিকে অনবরত ঘুষি মেরে চলেছেন এক মদ্যপ যুবক। এর পর বাসটি কিছু ক্ষণ থামে এবং যাত্রীদের নামতে দেখা যায়। কিন্তু ওই মদ্যপ একের পর এক লাথি-ঘুষি চালাতে থাকেন বাসের দরজায়। ঘটনাটি প্রত্যক্ষ করে ভিড় জমে যায় পথচারীদের। এর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে বাসচালকের। ছুটে আসন ছেড়ে দরজার কাছে চলে আসেন তিনি। রেগেমেগে মদ্যপ যুবকের বুকে কষিয়ে লাথি মারেন। রাস্তায় ছিটকে প়ড়েন মদ্যপ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দিল্লির গণপরিবহণ কখনওই হতাশ করে না। বাসের প্রতিটি যাত্রাতেই বিনামূল্যে বিনোদন পাওয়া যায়।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘কী দারুণ লাথি! মদ্যপকে উচিত শিক্ষা দিয়েছেন বাসচালক।’’