Advertisement
E-Paper

মাঠে ঢুকে ফুটবল নিয়ে মেতে উঠল বুনো হাতি! পা, শুঁড় দিয়ে ঠেলে চলল খেলা, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্য হাতিটি ঘুরতে ঘুরতে নুমালিগড়ের বগিঢালা খেলার মাঠে চলে আসে। তখন সেই মাঠে ফুটবল খেলছিল এক দল কিশোর। সেই ফুটবল পায়ের কাছে পেয়ে লাথি মারতে দেখা যায় হাতিটিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪
Video shows elephant playing football in Assam

ছবি: এক্স থেকে নেওয়া।

ফুটবল খেলছে হাতি! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় অসমের নুমালিগড়ের একটি খেলার মাঠে একটি বন্য হাতিকে ফুটবল নিয়ে খেলতে দেখা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্য হাতিটি ঘুরতে ঘুরতে নুমালিগড়ের বগিঢালা খেলার মাঠে চলে আসে। তখন সেই মাঠে ফুটবল খেলছিল এক দল কিশোর। সেই ফুটবল পায়ের কাছে পেয়ে লাথি মারতে দেখা যায় হাতিটিকেও। ফুটবল নিয়ে মাঠের মধ্যে বেশ কিছু ক্ষণ দৌড়োদৌড়ি করে হাতিটি। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতিটির সামনে ফুটবলটি আসার সঙ্গে সঙ্গে সে সেটিকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে। তার পর পা দিয়ে সামনের দিকে ঠেলে দেয়। এর পর হাতিটি পুরোদস্তুর ফুটবল খেলার মেজাজে মেতে ওঠে। কখনও পা দিয়ে বলটিতে লাথি মারে, আবার কখনও তার লম্বা শুঁড় দিয়ে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হাতিটি যে ভাবে বল নিয়ে লাফালাফি করছিল, তাতে মনে হচ্ছিল জঙ্গল থেকে আসা এই অতিথি ক্ষণিকের জন্য একজন ফুটবলারে পরিণত হয়েছে। মন ভাল করা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন কয়েক জন প্রত্যক্ষদর্শী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘জিঙ্গাবাদ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

অসমে প্রচুর সংখ্যক বন্য এশীয় হাতির বাস। খাদ্য এবং জলের সন্ধানে ওই হাতিরা প্রায়শই মানুষের বসতি দিয়ে চলাচল করে এবং কখনও কখনও কৃষিজমি বা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। গত সপ্তাহে অসমের গোলাঘাট জেলাতেই একটি বন্য হাতির গলায় ট্র্যাক্টরের টায়ার আটকে যাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। পরে বন বিভাগের কয়েক ঘণ্টারর প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

Viral Video Elephant animal video Assam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy