Advertisement
E-Paper

ক্লাব থেকে বেরোতেই গাড়ি লক্ষ্য করে পর পর গুলি দুই যুবকের, ভয়ার্ত চিৎকার! প্রকাশ্যে টাইগার শ্রফের গাড়িতে হামলার ভিডিয়ো

মুম্বইয়ের জুহু এলাকার একটি ক্লাব থেকে বিএমডব্লিউয়ে চড়ে বেরোচ্ছিলেন অভিনেতা। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর সেই চাঞ্চল্যকর মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১০:৩৮
Video shows exact incident at Tiger Shroff’s car

ছবি: এক্স থেকে নেওয়া।

রবিবার সন্ধ্যায় গুলি চলেছে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে। পুলিশ সূত্রে খবর, পর পর পাঁচ রাউন্ড গুলি চলে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। তবে আহত হয়েছেন তিনি। জখম অভিনেতার গাড়ির চালক এবং এক অটোচালকও। মুম্বইয়ের জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে বিএমডব্লিউয়ে চড়ে বেরোচ্ছিলেন অভিনেতা। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর সেই চাঞ্চল্যকর মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জুহু এলাকার ফুটবল ক্লাব থেকে গাড়ি চেপে বেরোচ্ছেন টাইগার। তবে তিনি গাড়ি চালাচ্ছিলেন না। চালকের পাশের আসনে বসেছিলেন। অনুরাগীদের দিকে হাত নাড়াচ্ছিলেন তিনি। গাড়ি গেট পেরোতেই হঠাৎ এক যুবক টাইগারের গাড়ির সামনে চলে আসেন। বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন গাড়ির উইন্ডস্ক্রিনে। এর পর আরও এক যুবক বন্দুক নিয়ে এগিয়ে এসে টাইগার গাড়ির যে দিকে বসেছিলেন, সে দিকের জানলা লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। এর পর দু’জনেই তৃতীয় এক জনের বাইকে চড়ে চম্পট দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। দেশে যখন তারকারাই নিরাপদ নন, তখন আমজনতার নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে বিশ্নোই গ্যাং। এই ঘটনার পরে সমাজমাধ্যমে একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু হামলার নেপথ্যে থাকার কথা জানিয়েছেন। তাঁরা বিশ্নোই-ঘনিষ্ঠ বলেই খবর। হিন্দিতে লেখা সেই পোস্টের মূল বক্তব্য, “আমরা ওঁকে ফোন করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।”

ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে বলিপাড়ায়। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেতার বাড়ির বাইরে কড়া নিরাপত্তা বসানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে বার করতে পুলিশ ১৫টি দল গঠন করেছে বলেও জানা গিয়েছে।

রবিবার রাতে অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। রবিবার রাতে অভিনেতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একনাথ শিন্দে বলেন, “এটি অত্যন্ত গুরুতর ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে সৌভাগ্যবশত টাইগার নিরাপদে রয়েছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা করছি।” গুলিতে সরাসরি আঘাত না লাগলেও বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোয় টাইগারের হাতে চোট লেগেছে বলে জানিয়েছেন শিন্দে। তাঁর কথায়, “আমি টাইগারের সঙ্গে দেখা করেছি। বারুদ ও কাচের টুকরোর কারণে তাঁর বাঁ হাতে আঘাত লেগেছে। টাইগার এবং তাঁর মা, দু’জনেই যথেষ্ট আতঙ্কিত।”

Tiger Shroff Gun Attack Viral Video Lawrence Bishnoi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy