Advertisement
E-Paper

আশ্রমের বাইরে গল্পে মত্ত যুবকের দল, হঠাৎ হানা চিতাবাঘের! চোখের পলকে কুকুরকে ছোঁ মেরে নিয়ে গেল শ্বাপদ

ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি আশ্রমের প্রবেশপথের কাছে অফিসের দিকে এগিয়ে আসছে। আর আশ্রমের দরজার কাছে ঘোরাফেরা করছে একটি কুকুর। আচমকা চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে কুকুরটির উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১৬:০৯
Video shows leopard snatches away dog in front of people in Gujarat’s Junagadh

ছবি: এক্স থেকে নেওয়া।

আশ্রমের সামনেই বসেছিলেন জনা কয়েক যুবক। গল্প করছিলেন, ফোন ঘাঁটছিলেন। মাত্র কয়েক মিটার দূরে দেখা যাচ্ছে একটি কুকুরকে। ঠিক তখনই চোখের পলকে সকলের সামনে দিয়ে কুকুরটিকে ছোঁ মেরে নিয়ে গেল একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড়ে গিরনার জঙ্গলের কাছে অবস্থিত প্রেরণধাম আশ্রমে। চাঞ্চল্যকর মুহূর্তটি ধরা পড়েছে আশ্রমেরই সিসিটিভি ক্যামেরায়। যদিও সে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি আশ্রমের প্রবেশপথের কাছে অফিসের দিকে এগিয়ে আসছে। আর আশ্রমের দরজার কাছে ঘোরাফেরা করছে একটি কুকুর। আচমকা চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে কুকুরটির উপর। প্রাণীটির ঘাড় কামড়ে ধরে দ্রুত জঙ্গলের দিকে নিয়ে যায়। উদ্বেগের কারণ হল, আক্রমণের সময় ঘটনাস্থলে বেশ কয়েক জন যুবক উপস্থিত ছিলেন। কাছেই একটি বেঞ্চে বসে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন তাঁরা। আশপাশে আরও কয়েকজন কথাবার্তায় মগ্ন ছিলেন। চিতাবাঘটি এত দ্রুত এল এবং চলে গেল যে, কারও প্রতিক্রিয়া দেখানোর সুযোগই ছিল না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

আশ্রমের তত্ত্বাবধায়কদের একজন জানিয়েছেন, ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত নাগাদ ঘটেছে। সেখানে উপস্থিত ব্যক্তিরা প্রথমে বুঝতেই পারেননি কী ঘটেছে। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর চিতাবাঘের এই আকস্মিক আক্রমণের বিষয়টি স্পষ্ট হয়। উল্লেখ্য, প্রেরণধাম আশ্রমটি গিরনার জঙ্গলের খুব কাছে অবস্থিত। সন্ধ্যার ঠিক পর পরই জনসমক্ষে চিতাবাঘের এমন উপস্থিতি আশ্রমের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এই এলাকায় মাঝেমধ্যেই, বিশেষ করে গভীর রাতে বা ভোরবেলা সিংহ ও চিতাবাঘের দেখা মেলে।

ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যম এক্সে শেয়ার করেছেন সাংবাদিক নরেশ পরমার। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Gujarat Leopard attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy