মধুর লোভে লাইব্রেরিতে ঢুকে পড়ল ভালুক। ঘুরে ঘুরে দেখল বইয়ের সম্ভার। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে মজার সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম ।
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার ম্যামথ লেকস এলাকার ‘মনো কাউন্টি ফ্রি লাইব্রেরিজ’ নামের ওই পাঠাগারটি খোলার আগেই সেখানে ঢুকে পড়েছিল একটি কালো ভালুক। লাইব্রেরির দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৬টা ১০ মিনিটে ভালুকটি ভিতরে ঢোকে। মনে করা হচ্ছে, খাবারের খোঁজেই সেখানে ঢুকে ছিল সে। কর্মীদের জন্য রাখা জলখাবারের খোঁজ পেতে প্রাণীটির মোটেও দেরি হয়নি। লাইব্রেরির ফেসবুক পেজ থেকে অনাকাঙ্ক্ষিত ওই অতিথির সিসিটিভি ফুটেজ শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, লাইব্রেরির ভিতরে শান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে ভালুকটি। বিভিন্ন তাকে রাখা বই শুঁকে শুঁকে জায়গাটি ঘুরে দেখছিল সে। আশপাশে কোনও মানুষ না থাকায়, ‘অনুপ্রবেশকারী’ নিজের ইচ্ছামতো পুরো জায়গাটি ঘুরে দেখার সুযোগ পেয়েছিল। শীঘ্রই কর্মীদের জন্য রাখা খাবার খুঁজে পায় সে। নিমেষে সাবাড় করে পিনাট বাটার, পিচ ফল, কুকিজ এবং এক বয়াম মধু! পেট ভরে খাওয়ার পর লাইব্রেরির ভিতর ‘পরিদর্শন’ চালিয়ে যায় ভালুকটি। বইগুলি দেখে নিজেই বেরিয়ে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে আশ্চর্যের বিষয় হল, লাইব্রেরির কোনও ক্ষয়ক্ষতি করেনি প্রাণীটি। একটি বই বা বইয়ের তাকেরও কোনও ক্ষতি হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন ভালুক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। এ ছাড়া ভালুক খুলতে পারবে না, এমন আবর্জনার পাত্র ব্যবহার করতে এবং গাড়ির দরজা ও জানালা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
লাইব্রেরিতে ভালুকের এই আগমন ফেসবুক ব্যবহারকারীদের বেশ আনন্দ দিয়েছে। একজন রসিকতা করে লিখেছেন, ‘‘ভালুকটির বয়স সম্ভবত পাঁচ বছরের কম হবে। হয়তো সে লাইব্রেরিতে নাম লেখাতে এসেছিল।’’