Advertisement
E-Paper

দ্বিতীয় বিয়ে করতে এসে যুবক দেখলেন সেখানেই হচ্ছে প্রথম স্ত্রীর সন্তানের ‘মুখেভাত’! অদ্ভুত সমাপতনে রণক্ষেত্র অনুষ্ঠানস্থল

জানা গিয়েছে, চিনা ওই যুবকের নম ইউ। তাঁর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান এবং প্রাক্তন স্ত্রীর সঙ্গে হওয়া সন্তানের জন্মের ১০০তম দিনের উদ্‌যাপন—দু’টিই একই দিনে, একই অনুষ্ঠানস্থলে ভিন্ন ভিন্ন তলায় অনুষ্ঠিত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৭:৫৮
Video shows Chinese man’s wedding collide with child from ex wife’s baby bash at same day and venue

ছবি: এআই সহায়তায় তৈরি।

একই দিন, একই জায়গা! অদ্ভুত ঘটনা ঘটল যুবকের সঙ্গে। নতুন সঙ্গীকে বিয়ের অনুষ্ঠান যে দিন এবং স্থানে আয়োজন করেছিলেন তিনি, কাকতালীয় ভাবে ঠিক ওই দিন এবং ওই জায়গাতেই নামকরণ অনুষ্ঠান চলছিল প্রাক্তন স্ত্রীর সঙ্গে হওয়া তাঁরই সন্তানের। দুই আমন্ত্রপত্রেই ছাপা ছিল তাঁর ছবি! চরম কাকতালীয় ঘটনাটি ঘটেছে চিনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, চিনা ওই যুবকের নম ইউ। তাঁর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান এবং প্রাক্তন স্ত্রীর সঙ্গে হওয়া সন্তানের জন্মের ১০০তম দিনের উদ্‌যাপন— দু’টিই একই দিনে, একই অনুষ্ঠানস্থলে ভিন্ন ভিন্ন তলায় অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর চিনের গুইঝৌ প্রদেশের লিউপানশুই শহরে কাকতালীয় ঘটনাটি ঘটেছে। সেখানে দু’টি পরিবার আলাদা ভাবে অনুষ্ঠানের জন্য জায়গার বায়না করেছিল। তবে উভয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন একই যুবক। অতিথিরা একে অপরের মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি অনুষ্ঠান ছিল বর্তমান প্রেমিকার সঙ্গে ইউ-এর বিয়ের। অন্যটি ছিল তার প্রাক্তন স্ত্রীর সন্তানের জন্মের ১০০তম দিনের উদ্‌যাপন। সেই সন্তান ইউয়েরই। একই দিন এবং স্থানে দু’টি পারিবারিক অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানস্থলের ভিতরে দু’পক্ষের লোকজনের দেখা হয়ে গেলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আলাদা দু’টি পারিবারিক অনুষ্ঠান হিসেবে শুরু হলেও দ্রুত সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে দুই অনুষ্ঠানের আয়োজকেরা পুলিশ ডাকতে বাধ্য হন।

জানা গিয়েছে, পরিবার দু’টি আলাদা ভাবে ওই অনুষ্ঠানস্থল ভাড়া করেছিলেন এবং আয়োজক কর্তৃপক্ষ জানতেন না যে অনুষ্ঠান দু’টির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে। ফলে দু’টি অনুস্থানের জন্যই হল ভাড়া দিয়ে দেন তাঁরা। ঘটনার দিন সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গিয়েছে, অনুষ্ঠান ভবনের লবিতে বেশ কয়েক জন জড়ো হয়েছেন এবং তাঁদের মধ্যে তর্কবিতর্ক চলছে। এক পর্যায়ে শিশু কোলে থাকা এক তরুণী অন্যদের সঙ্গে সিঁড়ির দিকে এগিয়ে যান। তখন সেখানে দাঁড়িয়ে থাকা কয়েক জন পুরুষ তাঁদের পথ আটকে দেন, যার ফলে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। ভিডিয়োয় ওই তরুণীকে ওই পুরুষদের সরে দাঁড়াতে বলতে শোনা যায়। পরে পরিবারের অন্য এক জন সদস্য এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ওই ভিডিয়ো থেকে নিশ্চিত ভাবে বোঝা যায় না যে ঠিক কী কারণে সংঘাতের সূত্রপাত হয়েছিল। তবে একাধিক চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরেও দু’পক্ষের মধ্যে আর্থিক বিরোধ এখনও অমীমাংসিত। আর সে কারণেই যত ঝামেলা।

ভাইরাল ভিডিয়োটি ‘ইইকিউ৭ইজে’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে।

Viral Video China Marriage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy