Advertisement
E-Paper

গন্তব্যের আগেই নামিয়ে দিলেন অ্যাপ বাইকচালক, তরুণী যাত্রীর ভিডিয়ো করে ছড়ালেন সমাজমাধ্যম! হইচই নেটপাড়ায়

পুণের ওই তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর নাম পূজা দীপক সাউ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পূজার অভিযোগ, বাইক-ট্যাক্সিতে যাওয়ার পথে চালক তাঁকে মাঝপথে নেমে যেতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হলে চালক তাঁর ভিডিয়ো রেকর্ড করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১২:৪৫
Video shows heated argument between bike taxi rider and woman IT engineer in Pune

ছবি: এক্স থেকে নেওয়া।

অফিস যাওয়ার সময় মাঝপথে নামিয়ে দিয়েছেন অ্যাপ বাইকচালক। ভাড়াও চেয়েছেন। তেমনটাই অভিযোগ পুণের এক তরুণী প্রযুক্তিকর্মীর। অন্য দিকে বাইকচালকের অভিযোগ, টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন তরুণী। পুরো বিষয়টি নিয়ে তাঁদের উত্তপ্ত বিতর্কের সাক্ষী থাকল নেটপাড়া। ওই তরুণী প্রযুক্তিকর্মী এবং বাইকচালকের মধ্যে বাগ্‌বিতণ্ডার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পুণের ওই তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর নাম পূজা দীপক সাউ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পূজার অভিযোগ, বাইক-ট্যাক্সিতে যাওয়ার পথে চালক তাঁকে মাঝপথে নেমে যেতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হলে চালক তাঁর ভিডিয়ো রেকর্ড করেন। অভিযোগ অনুযায়ী, চালক সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তরুণী।

পূজার দাবি, দুপুর ১টা নাগাদ হিনজেওয়াড়ির কর্মস্থলে যাওয়ার জন্য একটি বাইক-ট্যাক্সি বুক করেছিলেন। তিনি বাইকচালককে সাস এলাকার একটি দোকান হয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক তা মানতে অস্বীকার করেন এবং সংস্থার অ্যাপে দেখানো পথে যাওয়ার জেদ ধরেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন চালক বাভধান ব্রিজের উপর বাইক থামিয়ে পূজাকে গন্তব্যের আগেই নেমে যেতে বলেন। একই সঙ্গে তিনি পূজার কাছে ভাড়াও দাবি করেন। পূজা ভাড়া দিতে অস্বীকার করেন। তাঁর যুক্তি ছিল, গন্তব্যে পৌঁছোনোর আগেই যাত্রা শেষ করে দেওয়ায় তিনি ভাড়া দিতে বাধ্য নন। তর্ক চলার সময় চালক পূজার এবং তাঁর মধ্যে হওয়া তর্কাতর্কির ভিডিয়ো রেকর্ড করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তরুণীর অভিযোগ, চালক ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁকে হেয় করার চেষ্টা করেছেন।

এর পরেই তরুণী প্রযুক্তিকর্মী বাভধান থানায় গিয়ে পুরো ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন। সিনিয়র পুলিশ ইনস্পেক্টর অরবিন্দ পওয়ার নিশ্চিত করেছেন যে পুলিশ ওই ঘটনায় একটি ‘নন-কগনিজেবল অফেন্স’ হিসেবে মামলা নথিভুক্ত করেছে। ঘটনাটি যাত্রীদের নিরাপত্তা এবং বাইক-ট্যাক্সি চালকদের আচরণ নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘পুণে প্রাইম নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video App Bike Pune

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy