উড়ান শুরুর পরেই চাকার টায়ার খুলে যাওয়ায় মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কাঁপতে শুরু করল বিমান! আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইরানে। টায়ার খুলে সৃষ্ট ইঞ্জিন-সংক্রান্ত সমস্যা এবং তীব্র কম্পনের কারণে সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে কেরমানশাহের উদ্দেশে রওনা হওয়ার কিছু ক্ষণের মধ্যেই বোয়িং বিমানটিতে সমস্যা দেখা দেয়। জানা গিয়েছে, বিমানের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পর বিমানটি মাঝ-আকাশে তীব্র ভাবে কাঁপতে শুরু করে। সঙ্গে সঙ্গে যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলটেরা। কিছু ক্ষণ পরে বোয়িং ৭৩৭ বিমানটি মাশহাদে নিরাপদে অবতরণ করে। সেখানে জরুরি পরিষেবা দলগুলি আগে থেকেই প্রস্তুত ছিল।
আরও পড়ুন:
বিমানে থাকা যাত্রীরা তীব্র কম্পনের সেই মুহূর্তগুলিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। এই ঝাঁকুনিতে বিমানের কেবিনের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খুলে নীচে পড়ে যায় ব্যাগ রাখার তাকগুলি (ওভারহেড কম্পার্টমেন্ট)। যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে পড়ে। জিনিসপত্র মাথায় পড়ে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলেও খবর।
সমাজমাধ্যমে ভাইরাল সেই ঘটনার ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করছেন। অনেকে প্রার্থনা করতে শুরু করেছেন। কেবিনে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যাত্রীদের শান্ত করার চেষ্টা করছেন বিমানকর্মীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অঞ্জলি কুমারী’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ এখনও এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও বিবৃতি দেননি। জানা গিয়েছে, বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানটি পরীক্ষা করে দেখবেন এবং টায়ার খুলে যাওয়ার ঘটনার সঙ্গে ইঞ্জিন বিকল হওয়ার কোনও যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।