দ্রুতগামী ট্রেনের সামনে আটকা পড়ে গিয়েছিলেন এক যুবক। নিজের জীবন বাজি নিয়ে তাঁকে বাঁচালেন রেলওয়ে ক্রসিংয়ের রক্ষী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক রেলওয়ে ক্রসিংয়ের রক্ষী নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কা থেকে এক ব্যক্তিকে বাঁচিয়েছেন। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে। কিন্তু রক্ষীর উপস্থিত বুদ্ধি বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাইলাদুথুরাই জেলার সিরকাজির কাছে আরাসুর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে। মাইলাদুথুরাই-ভিলুপ্পুরাম মেমু প্যাসেঞ্জার ট্রেনটি যখন ক্রসিংয়ের দিকে আসছিল, তখন কর্তব্যরত তরুণ রক্ষী ট্রেনটিকে সঙ্কেত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন যে, গেট বন্ধ থাকা সত্ত্বেও এক ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছেন। রেললাইনের উপর টলমল করছিলেন তিনি। অন্য দিকে, দ্রুতগামী ট্রেনটি পৌঁছোতে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। ওই ব্যক্তির জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন রেলওয়ে ক্রসিংয়ের রক্ষী।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, বিপদ আঁচ করার সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র সময় নষ্ট না করে গেটহাউস থেকে রেললাইনের দিকে ছুটে যান তরুণ রক্ষী। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ১০ মিটার দূরত্ব অতিক্রম করে লাইনের কাছে পৌঁছোন এবং ওই ব্যক্তিকে জাপটে ধরে জোর করে লাইন থেকে সরিয়ে আনেন। তাঁকে নিরাপদে সরিয়ে আনার ঠিক পরেই দ্রুতগামী ট্রেনটি পাশ দিয়ে চলে যায়। সামান্য কয়েক সেকেন্ডের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রেলকর্মীর ক্ষিপ্রতা এবং সাহসিকতার প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। অনেক নেটাগরিক তাঁকে ‘প্রকৃত নায়ক’ তকমাও দিয়েছেন। তাঁদের দাবি, রেলরক্ষীর তৎক্ষণাৎ পদক্ষেপই ওই ব্যক্তির প্রাণ বাঁচিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওই ব্যক্তি সম্ভবত আত্মহত্যার চেষ্টা করছিলেন এবং রক্ষী তাঁর জীবন বাঁচিয়েছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে।’’ দ্বিতীয় এক জন আবার লিখেছেন, ‘‘ওই ব্যক্তি মদ খেয়েছিলেন। প্রাণ বাঁচালেও কয়েক ঘা দেওয়া উচিত ছিল।’’