সন্তানকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তরুণী। হঠাৎ হামলা হিংস্র পথকুকুরের। কামড়ে দিল তরুণীর পায়ে। ভয়ে ছিটকে গেলেন তিনি। কোল থেকে মাটিতে পড়ে গেল একরত্তিও। বুধবার সকালে পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ের ওল্ড সাংভি এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ১১টা নাগাদ ওল্ড সাংভি এলাকার একটি রাস্তা দিয়ে এক বছরের সন্তানকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ পার্ক করা একটি গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসে দু’টি পথকুকুর। তাদের মধ্যে এক জন হামলা চালায় তরুণীর উপর। তাঁর গোড়ালিতে কামড়ে দেয়। আতঙ্ক এবং যন্ত্রণায় ভারসাম্য হারিয়ে ফেলেন তরুণী। তাঁর কোল থেকে ছিটকে পড়ে যায় একরত্তি সন্তান। আহত হয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে কয়েক জন স্থানীয় বাসিন্দা ছুটে আসেন। ভয়ে পালিয়ে যায় কুকুরগুলি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ঘটনাটি পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভায় পথকুকুরের উপদ্রব নিয়ে নতুন করে উদ্বেগও সৃষ্টি করেছে। ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তার কুকুর নিয়ে পুরসভায় পশুচিকিৎসা বিভাগের কাছে বার বার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন:
পুণের পথকুকুরের হামলার ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ভরদ ভটখন্ডে নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভায় পথকুকুরের উপদ্রব নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।