Advertisement
E-Paper

লাইনের দু’পাশে দাউ দাউ করে আগুন! দাবানলের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন, গ্রাস করেছে আতঙ্ক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর অন্টারিয়োর আর্মস্ট্রংয়ের কাছে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়। এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১০:৫৫
Video shows train engulfed by wildfire In Canada’s Ontario

ছবি: এক্স থেকে নেওয়া।

লাইনের দু’পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। দাবানলের কবলে পড়েছে ট্রেনটি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কানাডার উত্তর অন্টারিয়োর আর্মস্ট্রংয়ের কাছে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর অন্টারিয়োর আর্মস্ট্রংয়ের কাছে ভয়াবহ দাবানলের সূত্রপাত। এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবা। মঙ্গলবার সেই দাবানলেরই কবলে পড়ে একটি ট্রেন। সমাজমাধ্যমে ভাইরাল একটি নাটকীয় ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনটি বিশাল অগ্নিশিখায় ঘেরা এবং রেললাইনের দু’পাশেই আগুন জ্বলছে। ট্রেনের চালকের কক্ষ থেকে ক্যামেরাবন্দি ওই ভিডিয়োয় ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে। ঘন ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা ট্রেনটিকে ঘিরে ফেলার ফলে জানলার কাঁচগুলি উত্তপ্ত হয়ে উজ্জ্বল কমলা রঙের হয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় ট্রেনের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এক জন বলে ওঠেন, ‘‘আগুন হয়তো আমাদের গ্রাস করে ফেলবে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের এক ফোরম্যানকে উদ্ধার করতে ট্রেনের কর্মীরা যখন ইঞ্জিন বা লোকোমোটিভ থেকে আলাদা হন, তখনই ঘটনাটি ঘটে। ঘন ধোঁয়া এবং স্বল্প দৃশ্যমানতার মধ্যে উদ্ধারকাজ চালানোর সময়, আলাদা হয়ে যাওয়া অংশটি ট্রেনের সঙ্গেই ধাক্কা খায়। এতে নতুন করে আগুনের সূত্রপাত হয়। এর পর কর্মীরা ইঞ্জিনটি পরিত্যাগ করে হেঁটে নিরাপদ আশ্রয়ে সরে যান। জানা গিয়েছে, ঘটনায় জড়িত সকল রেলকর্মীই অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সল মামাকওয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। আতঙ্কিতও হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ।

উল্লেখ্য, উত্তর-পশ্চিম অন্টারিয়োতে বর্তমানে ১২৮টি সক্রিয় দাবানল জ্বলছে। আগুনের দ্রুত বিস্তারের কারণে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে অন্টারিয়ো প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) জানিয়েছে, ওই এলাকায় দাবানলের কারণে দাহ্য এবং সংবেদনশীল পদার্থ বহনকারী তিনটি ট্রেন থামিয়ে অন্টারিয়োর কলিন্সের কাছে অ্যালানওয়াটার সাব-ডিভিশনে রাখা হয়েছে।

Viral Video Canada Wildfire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy