সিংহ এমন এক প্রাণী যার নাম শুনলেই তাবড় তাবড় সাহসী মানুষও শিউরে ওঠেন। বিশালদেহী হাতি বা হিংস্র ভালুকও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে ভয়ঙ্কর প্রাণীটিকে দেখলে। কিন্তু রাস্তার ধারে শুয়ে থাকা একটি ষাঁড়ের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাল জঙ্গলের রাজা! সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে লোকালয়ে বিশ্রাম নিচ্ছে একটি ষাঁড়। হঠাৎ পেছন থেকে এগিয়ে আসে একটি সিংহ। ষাঁড়টির ঠিক পেছনে গিয়ে দাঁড়ায় সে। ষাঁড়টি কিছু বুঝে ওঠার আগেই সেখানে আরও একটি সিংহ এসে হাজির হয়। কিন্তু মগ্ন ষাঁড়টি ঘুণাক্ষরেও টের পায় না যে, স্বয়ং মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে আছে। তবে কিছু ক্ষণের মধ্যেই সম্বিত ফেরে ষাঁড়টির। সিংহ দু’টিকে দেখেই ধড়ফড় করে উঠে পড়ে সে। তেড়ে গিয়ে সিংহদের চ্যালেঞ্জ জানায়। কিন্তু হামলা করার পরিবর্তে ষাঁড়ের বিশাল এবং বলিষ্ঠ শরীর দেখে সিংহগুলি বুঝতে পারে যে শিকার করার জন্য এটি উপযুক্ত সময় নয়। এর পর সিংহ দু’টি একটি সরু পথ ধরে পালিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সিংহটির খিদে ছিল না। তাই ষাঁড়ের দিকে মনোযোগই দেয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সিংহ ভীতু নয়। আসলে ষাঁড়টির ভাগ্য ভাল ছিল।’’